ব্রিটেনে সেনা মোতায়েনের নির্দেশ; আরো হামলার আশঙ্কা প্রকাশ করলেন থেরেসা মে
https://parstoday.ir/bn/news/world-i38550-ব্রিটেনে_সেনা_মোতায়েনের_নির্দেশ_আরো_হামলার_আশঙ্কা_প্রকাশ_করলেন_থেরেসা_মে
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার দেশের ম্যানচেস্টার শহরে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার জের ধরে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। আরো বেশি সন্ত্রাসী হামলার আশঙ্কা ‘তীব্র’ থেকে ‘সংকটপূর্ণ’ অবস্থায় পৌঁছে গেছে বলেও তিনি মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৪, ২০১৭ ০১:৪৭ Asia/Dhaka
  • মে\\\\\\\'র বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়
    মে\\\\\\\'র বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার দেশের ম্যানচেস্টার শহরে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার জের ধরে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। আরো বেশি সন্ত্রাসী হামলার আশঙ্কা ‘তীব্র’ থেকে ‘সংকটপূর্ণ’ অবস্থায় পৌঁছে গেছে বলেও তিনি মন্তব্য করেছেন।

ব্রিটিশ সরকারের সংকট প্রতিহত কমিটির এক জরুরি বৈঠক শেষে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে থেরেসা মনে বলেন, ম্যানচেস্টারের ঘটনার তদন্তের ভিত্তিতে যেটা বোঝা গেছে তা হলো, ব্রিটেনে আরো হামলার আশঙ্কা শুধু তীব্র নয় তা এখন সংকটপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো স্পষ্ট করে বলেন, আরেকটি হামলার আশঙ্কা এখন শুধু তীব্র নয় বরং তা অত্যাসন্ন।

সোমবার রাতে ব্রিটেনের ম্যানচেস্টার শহরে একটি কনসার্ট অনুষ্ঠানে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। অনুষ্ঠানে উপস্থিত ছিল কয়েক হাজার মানুষ এবং হামলায় মারা গেছে ২২ জন। এছাড়া, নারী ও শিশুসহ আহত হয়েছে ৫৯ জন।

হামলার পরপরই কনসার্ট এলাকা ঘিরে ফেলে ব্রিটিশ পুলিশ

ব্রিটিশ পুলিশ সন্দেহভাজন বোমা হামলাকারীর নাম প্রকাশ করেছে। ২৩ বছর বয়সি ওই ঘাতকের নাম সামলান আবেদি বলে তারা জানিয়েছে। ব্রিটেনে জন্মগ্রহণকারী সালমানের পিতা লিবিয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করলেও তারা হামলাকারীর নাম বা ছবি প্রকাশ করেনি।

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সারাদিনের পর্যবেক্ষণ হচ্ছে, এ ধরনের হামলা চালানোর জন্য আরো বহু ব্যক্তি প্রস্তুতি নিয়েছে এবং তারা প্রত্যেকে এককভাবে আলাদা আলাদা জায়গায় হামলার চেষ্টা করবে।

সাধারণ মানুষকে শুধু শুধু আতঙ্কিত করার ইচ্ছা তার সরকারের নেই বলে দাবি করেন মে। একইসঙ্গে তিনি নিরাপত্তা রক্ষার কাজে পুলিশসহ সব নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪