সৌদি জোটে যোগ দেয়া পাকিস্তানের স্বার্থের পরিপন্থি: পাক বিশ্লেষক
-
পাকিস্তানের তিন বিশ্লেষক
সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত সামরিক জোটে যোগ দেয়া পাকিস্তানের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন দেশটির কয়েকজন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক। তারা পরিষ্কার করে বলেছেন, এ জোটে যোগ দেয়া কোনোভাবেই দেশের স্বার্থ রক্ষা করবে না। একইসঙ্গে তারা সৌদি রাজধানী রিয়াদে ‘আরব-ইসলামিক-আমেরিকান’ সম্মেলনের বিরোধিতা করে বলেছেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টি হয়েছে।
পাকিস্তানি বিশ্লেষক জাহিদ হোসেইন এক নিবন্ধে বলেছেন, নিশ্চিতভাবে এ জোট পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির স্বার্থ রক্ষা করবে না। তিনি বলেছেন, “সৌদি জোট সম্পর্কে পরিষ্কার ধারণা ছাড়াই এতে যোগ দেয়া আমাদের জন্য মারাত্মক ভুল; বিশেষ করে সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে এ জোটের প্রধানের দায়িত্ব নিতে দেয়া বড় ভুল হয়েছে।” পাক সরকারের এসব সিদ্ধান্ত দেশটির জাতীয় সংসদে পাস হওয়া প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেছেন। জাহিদ হোসেইন সৌদি জোটকে সাম্প্রদায়িক জোট বলে আখ্যা দেন। রিয়াদ সম্মেলনে ইরান-বিরোধী অবস্থানের বিষয়ে পাকিস্তানের মনোভাব পরিষ্কার করতে না পারা দেশের পররাষ্ট্রনীতির ব্যর্থতা বলে উল্লেখ করেছেন তিনি।
আরেক নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট তালাত মাসুদ ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনে লেখা কলামে বলেছেন, “সংহতি প্রতিষ্ঠার জন্য পাকিস্তান কাজ করবে এবং সাম্প্রদায়িক দ্বন্দ্ব ও আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্বে পাকিস্তান কোনো পক্ষ নেবে না বলে বার বার আশ্বাস দেয়ার পরও রিয়াদ সম্মেলনে অংশ নেয়ায় নিশ্চিতভাবে ইরান বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।” তিনি জাতীয় সংসদে পাস হওয়া প্রস্তাব এবং রাজনৈতিক ও শিয়া সম্প্রদায়ের নেতাদেরকে আস্থায় নিতে পাক সরকারকে পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেছেন, মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের মধ্যে ইরান হচ্ছে অনেক বেশি শিক্ষিত ও ঐক্যবদ্ধ জাতি এবং ইরানের জনগণ পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করতে সক্ষম হয়েছে।
‘দ্যা নেশন’ পত্রিকায় লেখা এক নিবন্ধে বিশ্লেষক মোহসিন রাজা বলেছেন, পাকিস্তান এখন শুধু সৌদি সামরিক জোটের গুরুত্বপূর্ণ অংশই নয় বরং দেশের সাবেক সেনাপ্রধান এ জোটের নেতৃত্ব দিচ্ছেন। এখন নতুন করে অস্পষ্ট ও অনিশ্চিত এ জোটে যোগ দেয়ার বিষয়টি পুনর্মূল্যায়ন করা উচিত। এ জোটকে তিনি ইরান-বিরোধী মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের জোট বলে উল্লেখ করেছেন। মোহসিন রাজা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান বড় জোর যা করতে পারে তা হচ্ছে প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫