কুলভূষণ প্রসঙ্গ: আইসিজে’র রায় বাধ্যতামূলক না করতে পাক আদালতে আবেদন
https://parstoday.ir/bn/news/world-i38866-কুলভূষণ_প্রসঙ্গ_আইসিজে’র_রায়_বাধ্যতামূলক_না_করতে_পাক_আদালতে_আবেদন
পাকিস্তানের হাতে আটক ভারতের গোয়েন্দা কুলভূষণ যাদবের ফাঁসির রায় স্থগিত রাখার জন্য আন্তর্জাতিক বিচার আদালত সম্প্রতি যে রায় দিয়েছে তাকে ‘বাধ্যতামূলক নয়’ বলে ঘোষণা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ২৮, ২০১৭ ১২:৫৩ Asia/Dhaka
  • কুলভূষণ যাদব
    কুলভূষণ যাদব

পাকিস্তানের হাতে আটক ভারতের গোয়েন্দা কুলভূষণ যাদবের ফাঁসির রায় স্থগিত রাখার জন্য আন্তর্জাতিক বিচার আদালত সম্প্রতি যে রায় দিয়েছে তাকে ‘বাধ্যতামূলক নয়’ বলে ঘোষণা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।

অ্যাডভোকেট মুজাম্মিল আলী নামে এক আইনজীবী এ সাংবিধানিক আবেদন দায়ের করেছেন। পাক সংবিধানের ১৮৪ অনুচ্ছেদের আওতায় দেশটির কেন্দ্রীয় সরকার, আইন ও বিচার মন্ত্রণালয় এবং ১৯৫২ সালের সামরিক আইন অনুসারে গঠিত আপিল আদালতকে এ বিষয়ে জবাব দেয়ার জন্য পক্ষ করা হয়েছে।

আবেদনকারী সুর্পিম কোর্টের কাছে অনুরোধ করেছেন যেন আদালত ঘোষণা করে যে, অভ্যন্তরীণ আইনে কুলভূষণ যাদবের বিচার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পাক সামরিক আদালতের রায় কার্যকর হবে পাকিস্তানের আইন অনুসারেই। এছাড়া, আপিল আদালতে যাদবের আপিল খারিজ হলে তাৎক্ষণিকভাবে যেন তার ফাঁসি কার্যকর করা হয় সে অনুরোধও করেছেন অ্যাডভোকেট মুজাম্মিল আলী।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮