সৌদি জোটের প্রধানের দায়িত্ব কি ছেড়ে দিচ্ছেন রাহিল শরীফ?
-
রাহিল শরীফ (ডানে)
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের প্রধান জেনারেল রাহিল শরীফ দায়িত্ব ছেড়ে দেওয়ার পথ খুঁজছেন বলে জানিয়েছে উর্দু দৈনিক আওসাফ। পত্রিকাটি লিখেছে, সৌদি সামরিক জোটের প্রধানের দায়িত্ব নেয়া যে ঠিক হয়নি তা এরইমধ্যে বুঝতে পেরেছেন রাহিল শরীফ এবং এ কারণে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন।
রাহিল শরীফের ঘনিষ্ঠ ব্যক্তিরা যত দ্রুত সম্ভব তাকে দায়িত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং তারা মনে করছেন রাহিলকে ধোঁকা দেওয়া হয়েছে। রাহিল ভেবেছিলেন, সন্ত্রাসবাদ মোকাবেলাই হবে এ জোটের প্রধান লক্ষ্য। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে, সৌদি আরবের ধ্বংসাত্মক নীতি বাস্তবায়নের জন্যই এ জোট গঠন করা হয়েছে।
সৌদি আরবের দাবি অনুযায়ী, তাদের সামরিক জোটে ৪১টি দেশ রয়েছে। অবশ্য এর আগে কয়েকটি দেশ এ জোটের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে। কোনো কোনো দেশ বলেছে, জোটের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে জানানো হয়নি।
পাকিস্তানের বিভিন্ন দল ও সংগঠন প্রথম থেকেই সৌদি নেতৃত্বাধীন জোটের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার কারণে রাহিল শরীফের সমালোচনা করে আসছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮