এবার পদত্যাগ করেছেন ট্রাম্পের যোগাযোগ কর্মকর্তা
-
মাইক ডিউবকে
মাত্র তিন মাস চাকরির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ কর্মকর্তা মাইক ডিউবকে পদত্যাগ করেছেন। হোয়াইট হাউজ থেকে গণমাধ্যমের কাছে তথ্য ফাঁস করা ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে যখন মার্কিন রাজনীতি ও সরকারের ভেতরে টালমাটাল অবস্থা চলছে তখন তিনি পদত্যাগ করলেন।
ডিউবকের পদত্যাগের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করা হয়েছে। হোয়াইট হাউজের কাউন্সেলর কেলিয়ানে কনওয়ে জানান, ডিউবকে চলতি মাসের প্রথম দিকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। তখন তাকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিদেশ সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ দেয়া হয়েছিল। তবে এখনো ডিউবকের শেষ কর্মদিবস চূড়ান্ত হয় নি।
৪৭ বছর বয়সী ডিউবকে প্রেসিডেন্ট ট্রাম্পের অফিসের প্রেস ও জনসংযোগের বিষয়টি দেখাশুনা করতেন। তবে মাত্র তিন মাসের মাথায় কেন তিনি পদত্যাগ করেছেন তা পরিষ্কার করেন নি। তিনি এক বিবৃতিতে শুধুমাত্র বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কাজ করা আমার জন্য বিরাট সম্মানের বিষয় ছিল।”
এর আগে ট্রাম্প প্রশাসন থেকে বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন এবং কয়েকজন পদত্যাগে বাধ্য হয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০