সৌদি জোট নিয়ে ক্ষিপ্ত পাক সিনেট চেয়ারম্যান; প্রতিরক্ষামন্ত্রীকে তলব
-
পাকিস্তান সিনেটের চেয়ারম্যান রাজা রব্বানি
সৌদি নেতৃত্বাধীন কথিত ইসলামি সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান সিনেটের চেয়ারম্যান রাজা রব্বানি। তিনি বলেছেন, সৌদি জোটের প্রধান হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের দায়িত্ব নেয়ার বিষয়ে সরকার যদি সংসদের প্রশ্নের জবাব না দেয় তাহলে সংসদ বন্ধ করে দেয়া হোক।
এ বিষয়ে সরকারের কাছে চাওয়া ব্যাখ্যার কোনো জবাব না পেয়ে তিনি কার্যত হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “এ অবস্থায় তাহলে কেন আমরা জাতীয় সংসদ বন্ধ করে দিচ্ছি না?” এর পাশাপাশি তিনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজকে তলব করেছেন। একইসঙ্গে পাক প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিবকে নোটিশ দেয়া হয়েছে।
ক্ষুব্ধ রাজা রব্বানি বলেন, “দুই মন্ত্রণালয়ই সংসদের সঙ্গে যেন পিং পং খেলছে। তিনি জানতে চান, “সৌদি আরব সম্পর্কে সংসদে তথ্য পৌঁছানো কী অসম্ভব ব্যাপার? সংসদের কী কোনো মূল্য নেই?” তিনি সুস্পষ্ট করে বলেছেন, “আমরা এ ইস্যুটি হাল্কাভাবে নিতে পারি না।”
পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি দলের সিনেটর ফরহাতুল্লাহ বাবরও বলেছেন, সরকার যে তথ্য দিয়েছে তাতে সবকিছু অন্ধকারেই রয়ে গেছে। তিনি বলেন, “সৌদি জোট সম্পর্কে কিছু তথ্য পাওয়ার জন্য আমরা খুবই চেষ্টা করেছি। সরকারকে অবশ্যই সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে হবে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১