রিয়াদ সম্মেলন থেকে ইরানের দিকে বন্দুক তাক করা হয়েছে: পাক সিনেটর
https://parstoday.ir/bn/news/world-i39210-রিয়াদ_সম্মেলন_থেকে_ইরানের_দিকে_বন্দুক_তাক_করা_হয়েছে_পাক_সিনেটর
সৌদি নেতৃত্বাধীন কথিত ইসলামি সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ যে বক্তব্য দিয়েছেন তাতে সন্তুষ্ট হয় নি দেশটির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেট। সারতাজের বক্তব্য শুনে দেশটির বিরোধীদলীয় প্রভাবশালী সিনেটর ফরহাতুল্লাহ বাবর বলেছেন, রিয়াদ সম্মেলন থেকে ইরানের দিকে বন্দুক তাক করা হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০২, ২০১৭ ০৮:৫৬ Asia/Dhaka
  • পাক সিনেট
    পাক সিনেট

সৌদি নেতৃত্বাধীন কথিত ইসলামি সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ যে বক্তব্য দিয়েছেন তাতে সন্তুষ্ট হয় নি দেশটির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেট। সারতাজের বক্তব্য শুনে দেশটির বিরোধীদলীয় প্রভাবশালী সিনেটর ফরহাতুল্লাহ বাবর বলেছেন, রিয়াদ সম্মেলন থেকে ইরানের দিকে বন্দুক তাক করা হয়েছে।

তলব করার পর গতকাল সারতাজ পাক সিনেটে উপস্থিত হয়ে সরকারের অবস্থান ও বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, জোটে যোগ দিলেও পাকিস্তান কোন ধরনের কাজে অংশ নেবে সে বিষয়ে ইসলামাবাদ স্বাধীন। কিন্তু সিনেট তার এ বক্তব্য গ্রহণ করে নি। পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র সিনেটর ফরহাতুল্লাহ বাবরের নোটিশের জবাবে সারতাজ বলেন, দুই বছর আগে সৌদি প্রতিরক্ষামন্ত্রী তাকে বলেছেন, যোগদানকারী সদস্য দেশ জোটের তৎপরতায় অংশ নেয়ার বিষয়ে স্বাধীন থাকবে। এছাড়া, সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের জোটের নেতৃত্ব গ্রহণের টার্মস অব রেফারেন্স সম্পর্কেও সারতাজ কিছু জানেন না বলে সিনেটকে জানিয়েছেন। শুধু বলেছেন, এতে দেশের পররাষ্ট্রনীতি ক্ষতিগ্রস্ত হবে না।

সিনেটর ফরহাতুল্লাহ বাবর

তিনি জানান, এসব তৎপরতার মধ্যে রয়েছে রাজনৈতিক পরামর্শ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সক্ষমতা তৈরি, উগ্রবাদবিরোধী প্রচারণা ও সামরিক সহযোগিতা। তবে ইরান নিয়ে সৌদি জোটের সম্ভাব্য তৎপরতা সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে সে বিষয়ে সারতাজ আজিজ সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি ও বিরোধী সদস্যদের প্রশ্নের পরিষ্কার জবাব দেন নি। এছাড়া, জোটের বিষয়ে সিনেট চেয়ারম্যান যে টার্মস অব রেফারেন্স জমা দেয়ার জন্য সারতাজকে বলেছিলেন তাও তিনি দিতে পারেন নি। রাজা রব্বানি বলেছিলেন, টার্মস অব রেফারেন্স জমা দিলে জোটে যোগ দেয়ার বিষয়ে পূর্ণাঙ্গ বিতর্ক হবে।

সারতাজ আজিজ বেশ কয়েকটি প্রশ্নের ধারণামূলক জবাব দিয়েছেন যা সরকার থেকে সরবরাহ করা এবং দেড় বছরের আগের তথ্য। তার জবাবে প্রয়োজনীয় ও সঠিক তথ্যের ঘাটতি ছিল। তিনি জানিয়েছেন, দেড় বছর আগে জোট গঠনের প্রাথমিক পর্যায়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রীকে বলা হয়েছিল যে, সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীরা মিলে বৈঠক করে এর সবকিছু চূড়ান্ত করবে কিন্তু আজ পর্যন্ত এ ধরনের কোনো বৈঠক হয় নি এবং কোনো টার্মস অব রেফারেন্সও চূড়ান্ত হয় নি। সিনেটে বক্তব্য দিতে গিয়ে সারতাজ আজিজ ইরান সম্পর্কে তার ধারণা তুলে বলেন, গত সপ্তাহে সৌদি আরবে যে সম্মেলনে হয়েছে তা ছিল নিতান্তই রাজনৈতিক সম্মেলন এবং সম্মেলনের বক্তব্য থেকে মনে হয় না যে, কেউ ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করবে। অবশ্য, সারতাজ আজিজ সিনেটের কাছে স্বীকার করেছেন যে, নওয়াজ শরীফের নেতৃত্বে পাকিস্তান সৌদি আরবের আহ্বানে যে সম্মেলনে যোগ দিয়েছে তাতে মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ বাড়বে।  

গত বছর পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে সৌদি জোটে যোগ দেয়ার বিষয়ে যে নির্দেশনা দেয়া হয়েছিল তাতে বলা হয়, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও হারামাইন শারিফাইনের নিরাপত্তা রক্ষার প্রশ্নে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ তবে সে সময় সংসদ পরিষ্কার করে বলেছিল, সৌদি আরবের বাইরে পাকিস্তান সেনা মোতায়েন করতে পারবে না।

সারতাজ আজিজের বক্তব্যের পর সিনেটর ফরহাতুল্লাহ বাবর বলেন, কথিত ইসলামি জোটে যোগ দেয়ার বিষয়ে যেসব দাবি করা হলো তা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক উদ্বেগের বিষয়। এছাড়া, সারতাজের কথায় প্রচুর স্ববিরোধিতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যদিও সিনেটকে আশ্বাস দেয়া হচ্ছে যে, এ জোট শুধু সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে কাজ করবে কিন্তু রিয়াদ সম্মেলন থেকে ইরানের দিকে বন্দুক তাক করা হয়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২