'মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়ায় বিষাক্ত সাদা ফসফরাস ব্যবহার করেছে'
-
সিরিয়ায় মোতায়েন মার্কিন মেরিন সেনা
মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়ার ঘনবসতিপূর্ণ এলাকায় ফসফরাস ভর্তি গোলাবারুদ ব্যবহার করেছে বলে নতুন একটি ভিডিও ফুটেজে প্রমাণ পাওয়া গেছে।
একদল সাংবাদিক অনলাইনে ওই ভিডিও ফুটেজ প্রকাশ করে বলেছে, তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত সিরিয়ার রাকা প্রদেশে নিরবে গণহত্যা চলছে। রাকার পূর্ব অংশে বিস্ফোরিত এম৮২৫ সিরিজের ১৫৫ মিলিমিটার কামানের গোলায় বিষাক্ত সাদা ফসফরাস পাওয়া গেছে।
মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, সাদা ফসফরাস একটি দাহ্য এবং বিষাক্ত পদার্থ। এ ধরনের পদার্থ ভর্তি আগ্নেয়াস্ত্র বিস্ফোরিত হলে তা সাদা ঘন ধোয়ার সৃষ্টি করে। এক পর্যায়ে এগুলো মানবদেহের মাংসপেশীর সংস্পর্ষে এলে তা অস্থিকে জ্বালিয়ে দেয় এবং বিকলাঙ্গ করে তোলে।
একই ধরনের আরো কিছু ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। যেখানে দেখানো হয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকের মসুলে যেসব বোমা ব্যবহার করেছিল সেগুলোতেও সাদা ফসফরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদিকে, অনলাইনে প্রকাশিত এসব ভিডিও'র সত্যতা যাচাই করার চেষ্টা চলছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সামরিক শাখার পরিচালক ম্যারি ওয়ারহাম জানিয়েছেন।
গত তিন বছরে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের সন্ত্রাস বিরোধী অভিযানে ৫০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা ৩,৮০০ জনে পৌঁছেছে বলে পর্যবেক্ষণ সংস্থা 'এয়ারওয়ারস' জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১১