শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তান, প্রতিপক্ষ ইংল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i40032-শ্রীলঙ্কাকে_হারিয়ে_চ্যাম্পিয়ন্স_ট্রফির_সেমিফাইনালে_পাকিস্তান_প্রতিপক্ষ_ইংল্যান্ড
অষ্টম উইকেটে অধিনায়ক সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমিরের ৭৫ রানের জুটির সুবাদে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে পাকিস্তান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১২, ২০১৭ ১৯:৫২ Asia/Dhaka
  • জয় উদযাপন করছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ
    জয় উদযাপন করছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ

অষ্টম উইকেটে অধিনায়ক সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমিরের ৭৫ রানের জুটির সুবাদে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে পাকিস্তান।

কার্ডিফে টসে হেরে ব্যাটিং করে পাঁচ বল বাকি থাকতেই ২৩৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৪৪.৫ ওভারে ৭ উইকেট ২৩৭ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৭২ রান করে দারুণ শুরু করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার আজহার আলী ও ফখর জামান। ১০ম ওভারে এই জুটি ভেঙেছেন নুয়ান প্রদীপ। ৩৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে গেছেন জামান। কয়েক ওভার পরে বাবর আজম ও অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজও আউট হন। ১২তম ওভারে ওপেনার আজহার ফিরে গেছেন ৩৪ রান করে। ২৫ থেকে ৩০ এই ছয় ওভারের মধ্যে পাকিস্তান হারিয়েছিল আরও তিনটি উইকেট। একে একে সাজঘরের পথে হেঁটেছিলেন শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম ও ফাহিম আশরাফ। ৩০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ১৬২/৭। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ৭৫ রান। এ সময়ে শ্রীলঙ্কার জয়টাই মনে হচ্ছিল অবধারিত।

কিন্তু এরপর বেশ কয়েকটি সহজ ক্যাচ মিস করেছেন লঙ্কান ফিল্ডাররা। আর এই ক্যাচ মিসের খেসারত দিয়েই হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। ৬১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন সরফরাজ আহমেদ। মোহাম্মদ আমির অপরাজিত ছিলেন ২৮ রান করে।

সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমির

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিরোশান ডিকওয়েলার ৭৪, অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৩৯, আসেলা গুনারত্নের ২৭ ও সুরঙ্গা লাকমলের ২৬ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ২৩৬ রান জমা করেছিল শ্রীলঙ্কা।

পাকিস্তানের হয়ে জুনাইদ খান ও হাসান আলী সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। ২টি করে পান আমির ও নবাগত ফাহিম আশরাফ।

৬১ রান করে পাকিস্তানের জয়ে মূল ভূমিকা পালন করায় অধিনায়ক সরফরাজ আহমেদ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান।

১৪ জুন চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে পাকিস্তান খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ১৫ জুন বার্মিংহামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।#  

পার্সটুডে/এআর/১৩