সব হিসাব-নিকাশ বদলে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i40180-সব_হিসাব_নিকাশ_বদলে_দিয়ে_চ্যাম্পিয়ন্স_ট্রফির_ফাইনালে_পাকিস্তান
সব হিসাব-নিকাশ বদলে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১৪, ২০১৭ ২০:২৩ Asia/Dhaka
  • সব হিসাব-নিকাশ বদলে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান

সব হিসাব-নিকাশ বদলে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।

বুধবার কার্ডিফে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে নির্ধারিত ৫০ ওভারই ব্যাট করতে পারেনি। ৪৯.৫ ওভারে ২১১ রানে অলআউট ইয়ন মরগান বাহিনী। ২১২ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২.৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সরফরাজ আহমেদের দল।

দুই পাকিস্তানি সমর্থক

১১৮ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছেন ফখর জামান ও আজহার আলী। ২২তম ওভারে ৫৭ রান করা ফখর জামানকে আউট করেন আদিল রশিদ। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েছিলেন আজহার আলী ও বাবর আজম। ৩৩তম ওভারে ইংল্যান্ড যখন দ্বিতীয় সাফল্যটি পেয়েছে, ততক্ষণে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ৭৬ রান করে ফিরে গেছেন আজহার। শেষ কাজটা অনায়াসেই সেরেছেন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। ৩৮ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বাবর। অভিজ্ঞ ব্যাটসম্যান হাফিজ অপরাজিত ছিলেন ৩১ রান করে।

ম্যান অব দ্য ম্যাচ হাসান আলী

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো নৈপুণ্য দেখাতে পারেননি স্বাগতিক ইংল্যান্ড। জুনায়েদ খান, হাসান আলী ও অভিষিক্ত রুম্মান রইসের দারুণ বোলিংয়ে বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেটে জো রুট ও ওয়েন মরগানের ৪৮ রানের জুটিটিই ছিল ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ রানের জুটি। অর্ধশতকও করতে পারেননি কোনো ইংলিশ ব্যাটসম্যান। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংসটি এসেছে জো রুটের ব্যাট থেকে।

পাকিস্তানের পক্ষে দারুণ বোলিং করেছেন হাসান আলী। ১০ ওভার বল করে মাত্র ৩৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনিই। এছাড়া রুম্মান রইস ও জুনাইদ খানের ঝুলিতে গেছে দুটি করে উইকেট।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান এসেছে আন্ডারডগের তকমা নিয়ে। খোদ পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও নিজেদের আন্ডারডগ হিসেবে আখ্যা দেখছিলেন। এই টুর্নামেন্টের আট দলের মধ্যে সবার নিচে ছিল পাকিস্তান। কিন্তু আজ সেমিফাইনালে সবাইকে সব সমালোচনা গিলে নিতে বাধ্য করেছে পাকিস্তান। এ টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ডকে ছিটকে দিয়েছে তারা।

১৮ জুন ওভালে শিরোপা জয়ের লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত অথবা বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালের মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫