লন্ডন অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১০০ হতে পারে, তদন্ত চলছে
-
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া লন্ডনের গ্রিনফিল টাওয়ার
ব্রিটেনের রাজধানী লন্ডনের গ্রিনফিল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা ১০০ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। ভয়াবহ এ দুর্ঘটনার কারণ জানতে ব্রিটিশ সরকার তদন্তের ঘোষণা দিয়েছে। ভবন নির্মাণ ও নক্শায় ত্রুটি ধরা পড়লে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হতে পারে।
ব্রিটিশ পুলিশ গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, তারা এরইমধ্যে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে। বুধবারের এ দুর্ঘটনায় ২৪ তলার অ্যাপার্টমেন্ট ব্লক পুড়ে গেছে এবং এ পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ভবনের কোনো কোনো পরিবারের সবাই নিখোঁজ রয়েছেন।
লন্ডন ফায়ার কমিশনার ড্যানি কটন জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া ভবনের ভেতরে এখনো অজ্ঞাতসংখ্যক লোক রয়েছে এবং তাদের ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত নয়। পুড়ে যাওয়া অন্তত ৩০ ব্যক্তি এখনো হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন যার মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।
এদিকে, গ্রিনফিল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনাকে লেবার দলের এমপি ডেভিড ল্যামি ‘কর্পোরেট হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করার পর সরকার তদন্তের উদ্যোগ নিয়েছেন। লেবার দলের এমপি ওই ঘটনার জন্য ‘ফৌজদারি তদন্ত’র আহ্বান জানিয়েছিলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬