ভারতের বিরুদ্ধে ইতিহাস পাল্টে দিতে চায় পাকিস্তান
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে জিতে ক্রিকেট ইতিহাস পাল্টে দিতে চায় পাকিস্তান। আগামীকালের ম্যাচকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের চেয়েও বড় কিছু মনে করছে দেশটি।
বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে- ভারতীয় উপমহাদেশের দুই ক্রিকেট জায়ান্টের মধ্যকার চূড়ান্ত ম্যাচ টেলিভিশনের মাধ্যমে বিশ্বের ১০০ কোটিরও বেশি দর্শক উপভোগ করবেন।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত অবশ্যই ফিভারিট টিম হিসেবে আগামীকালের খেলায় নামবে। পাকিস্তান এবারের আসরে আট নম্বর ও শেষ দল হিসেবে অংশ নিয়েছে। আসরের গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েছিল ভারত। তারপরও শ্রীলংকার মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে উঠতে সক্ষম হয় আনপ্রেডিক্টেবল এ দলটি। গত বুধবার দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডকে হারায় পাক ক্রিকেট দল। সেখান থেকেই এখন দলটি তাদের ক্রিকেট ইতিহাস পাল্টে দেয়ার স্বপ্ন দেখছে। বিশ্বকাপ ক্রিকেটের কোনো আসরে আজ পর্যন্ত পাকিস্তান ভারতের বিরুদ্ধে জিততে পারে নি।
পাক দলের বোলিং কোচ আজহার মাহমুদ বলছেন, “ফিভারিট টিম হিসেবে ভারতের ওপর বাড়তি চাপ থাকবে। আমরা চাপমুক্তভাবে খেলতে পারব। সে ক্ষেত্রে আমাদের হারানোর কিছু নেই। সবাই ভারতকে নিয়ে কথা বলছে। তবে আমি একটা কথাই বলতে চাই; সেটি হচ্ছে আমরা এখানে জিততে এসেছি।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭