সৌদির কাছে দ্বীপ হস্তান্তরের বিল অনুমোদন করলেন সিসি
-
সৌদি রাজা সালমানের সঙ্গে মিশরের প্রেসিডেন্ট সিসি (বামে)
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি লোহিত সাগরে অবস্থিত তার দেশের দু’টি দ্বীপের সার্বভৌম ক্ষমতা সৌদি আরবের কাছে হস্তান্তরের বিতর্কিত বিলে সই করেছেন। এর ফলে গণদাবি উপেক্ষা করে দ্বীপ দু’টি রিয়াদের কাছে হস্তান্তরে আর কোনো বাধা রইল না।
মিশরের মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরের আকাবা উপসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বীপ ‘তিরান’ ও ‘সানাফির’ হস্তান্তরের বিলকে আইনে পরিণত করেছেন প্রেসিডেন্ট সিসি।
২০১৬ সালে মিশরের দু’টি দ্বীপ সৌদি আরবের কাছে বিক্রি করে দেয়ার আলোচনা শুরু হওয়ার পর দেশটির হাজার হাজার মানুষ এর বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ করে। এ ছাড়া পার্লামেন্টের বেশ কয়েকজন সিনিয়র এমপি’ও এ কাজের প্রচণ্ড বিরোধিতা করেন। মিশরের কয়েকটি আদালত এ কাজ বন্ধ করার রুল জারি করে। কিন্তু তা সত্ত্বেও চলতি মাসের গোড়ার দিকে পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাস হয়।
মিশরের সাবেক সেনাপ্রধান জেনারেল সিসি এক সময় সৌদি আরবে মিশরের সামরিক অ্যাটাশে’র দায়িত্ব পালন করেছেন। জনগণের বিরোধিতা উপেক্ষা করে দু’টি দ্বীপ হস্তান্তরের ঘটনাকে অনেকে দেশের প্রতি সিসির বিশ্বাসঘাতকতার সমতুল্য বলে মনে করছেন।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে দু’টি দ্বীপ সৌদির কাছে বিক্রি করেছেন সিসি। অবশ্য তিনি নির্বাহী আদেশে এ কাজ করতে চাইলেও পরে জনরোষের মুখে বিষয়টিকে পার্লামেন্টের ওপর ছেড়ে দেন। তাবেদার পার্লামেন্ট দ্বীপ বিক্রির বিল অনুমোদন করে প্রেসিডেন্টের কাছে পাঠায়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫