‘সৌদি আরবের কাছে মার্কিন অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেয়া হবে’
https://parstoday.ir/bn/news/world-i40976-সৌদি_আরবের_কাছে_মার্কিন_অস্ত্র_বিক্রির_অনুমোদন_আটকে_দেয়া_হবে’
সৌদি আরবের কাছে মার্কিন অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেবে বলে ঘোষণা করেছেন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর বব ক্রোকার। কাতারের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র সদস্য দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেয়া হবে। এতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদনও আটকে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৭ ০৭:১৬ Asia/Dhaka
  • মার্কিন সিনেটে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব ক্রোকার
    মার্কিন সিনেটে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব ক্রোকার

সৌদি আরবের কাছে মার্কিন অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেবে বলে ঘোষণা করেছেন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর বব ক্রোকার। কাতারের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি'র সদস্য দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেয়া হবে। এতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদনও আটকে যাবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে গতকাল (সোমবার) লেখা এক চিঠিতে পিজিসিসি'র সদস্য দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেয়া হতে পারে বলে জানিয়েছেন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান ক্রোকার। তিনি বলেছেন, কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংকট মোকাবেলায় পরিষ্কার নীতি ঘোষণা না করা পর্যন্ত পিজিসিসি'র সদস্য দেশগুলার কাছে মার্কিন অস্ত্র বিক্রির অনুমোদন আটকে দেয়া হবে।

মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে যেকোনো দেশের কাছে আমেরিকার অস্ত্র বিক্রির অনুমোদন দেয়ার বা অস্ত্র বিক্রি বন্ধের ক্ষমতা আছে ক্রোকারের।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদ সফরকালে সৌদি আরবের কাছে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছেন। ইয়েমেনে আগ্রাসন অব্যাহত রাখার জন্য মার্কিন অস্ত্রের ওপরই নির্ভর করতে হচ্ছে সৌদি আরবকে। এ অবস্থায় ক্রোকারের ঘোষণা বাস্তবায়ন হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরব।

অবশ্য, সম্প্রতি কাতারের কাছেও ১,৫০০ কোটি ডলারের এফ-১৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি করেছে আমেরিকা। এ চুক্তিও ক্রোকারের ঘোষণার আওতায় পড়তে পারে।

গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর একতরফাভাবে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। এ ঘটনার পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছিলেন, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার আগে ফিলিস্তিনের হামাস ও ইখওয়ানুল মুসলিমিনের সঙ্গে কাতারকে অবশ্যই সম্পর্ক ছিন্ন করতে হবে। সৌদি আরবের এ দাবি নাকচ করেছে কাতার।

পারস্য উপসাগরীয় সব দেশই আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনছে। মার্কিন কংগ্রেসের গবেষণা সার্ভিসের হিসাব অনুযায়ী, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে বাহরাইনের কাছে ৩০ কোটি,  ওমানের কাছে ৯০ কোটি, সংযুক্ত আরব আমিরাতের কাছে ৪২০ কোটি, কুয়েতের কাছে ৪৪০ কোটি, কাতারের কাছে ৯৯০ কোটি এবং সৌদি আরবের কাছে ১,৭০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে আমেরিকা।#

পার্সটুডে/মূসা রেজা/২৭