সামান্যের জন্য টিকে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
-
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ যাত্রায় ক্ষমতায় টিকে গেছেন। গতকাল (বৃহস্পতিবার) ব্রিটিশ সংসদে অনুষ্ঠিত প্রথম আস্থা ভোটে তার সরকার সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে মে সরকারের ওপর ব্রেক্সিট ও ব্যয় সংকোচন নীতি নিয়ে চাপ অব্যাহত রয়েছে।
গতকালের আস্থা ভোটের জন্য মে বার্লিন সফর সংক্ষিপ্ত করে দেশ ফেরেন এবং প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন ব্রাসেলস থেকে ব্রিটেনে ফিরে যান। আস্থা ভোটে মে’র দলকে সমর্থন দিয়েছে উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টি। অবশ্য, এজন্য তিনি দলটি ধন্যবাদও দিয়েছেন।
আস্থাভোটে থেরেসা মে’র রক্ষণশীল দল পেয়েছে ৩২৩ ভোট। সরকার টিকে থাকার জন্য দরকার ছিল ৩০৯ ভোটের। এ নির্বাচনে জিততে না পারলে ব্রিটেনে নতুন করে সংসদ নির্বাচন দিতে হতো। গত ৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে সংসদের মোট ৬৫০টি আসনের মধ্যে রক্ষণশীল দল পেয়েছে ৩১৮ আসন এবং বিরোধী লেবার দল পেয়েছে ২৬২ আসন। পরে রক্ষণশীল দলকে সরকার গঠনে সমর্থন দেয় উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০