কয়েক ডজন চুক্তি করতে যাচ্ছে চীন ও রাশিয়া
-
শি জিনপিং (বামে) ও ভ্লাদিমির পুতিন
রাশিয়া এবং চীন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে কয়েক ডজন চুক্তি করতে যাচ্ছে। এসব চুক্তি চূড়ান্ত করার বিষয়ে দু দেশের মধ্যে আলোচনা চলছে এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন মস্কো সফরের সময় এগুলো সই করা হবে।
আজ (শুক্রবার) এসব তথ্য জানিয়েছেন চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ। তিনি বলেন, চুক্তির বিষয়ে পূর্ণাঙ্গ খসড়া নিয়ে দু দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে প্রতিদিনই আলোচনা চলছে।
এর আগে, গতকাল চীনা উপ পররাষ্ট্রমন্ত্রী লি হুইলাই জানিয়েছেন, জিনপিংয়ের সফরের সময় রাশিয়া ও চীনের মধ্যে কয়েক ডজন চুক্তি হবে যার অর্থমূল্য হবে এক হাজার কোটি ডলার। তবে কী কী বিষয়ে চুক্তি হবে সে সম্পর্কে কেউ কিছু জানান নি।
আগামী ৩ জুলাই শি জিনপিং রাশিয়া সফরে যাবেন বলে কথা রয়েছে। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে জ্বালানি, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০