সামরিক সংঘাত নয় মাথা ঠাণ্ডা রাখুন: চীন ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i41574-সামরিক_সংঘাত_নয়_মাথা_ঠাণ্ডা_রাখুন_চীন_ও_রাশিয়া
কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন করতে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তার চীনা সমকক্ষ ওয়াং ই। দুই কূটনীতিক এক যৌথ বিবৃতিতে বলেছেন, সামরিক সংঘাতে যাওয়ার পরিবর্তে আন্তর্জাতিক সমাজের উচিত শান্তিপূর্ণ উপায়ে চলমান সংকট নিরসনের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ নেয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০১৭ ০১:৫৭ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ (বামে) এবং ওয়াং ই
    সের্গেই ল্যাভরভ (বামে) এবং ওয়াং ই

কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন করতে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তার চীনা সমকক্ষ ওয়াং ই। দুই কূটনীতিক এক যৌথ বিবৃতিতে বলেছেন, সামরিক সংঘাতে যাওয়ার পরিবর্তে আন্তর্জাতিক সমাজের উচিত শান্তিপূর্ণ উপায়ে চলমান সংকট নিরসনের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ নেয়া।

উত্তর কোরিয়া মঙ্গলবার ঘোষণা করে, দেশটি সাফল্যের সঙ্গে এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র পরীক্ষা চালিয়েছে যা বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানার ক্ষমতা রাখে।  পিয়ংইয়ং’র প্রধান শত্রু  ওয়াশিংটন এ পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেয়ার পর যৌথ বিবৃতি প্রকাশ করলেন রাশিয়া ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রী।

তারা বলেন, উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষায় উদ্বিগ্ন দেশগুলোকে মাথা গরম করা বা উস্কানিমূলক পদক্ষেপ নেয়ার পরিবর্তে শান্ত থেকে থাকতে হবে। কোনো অবস্থাতেই সামরিক পন্থায় যাওয়া যাবে না।

ওয়াং ই এবং সের্গেই ল্যাভরভ একইসঙ্গে তাদের যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার এ পরীক্ষাকে ‘অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তারা বলেন, এই পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মারাত্মক লঙ্ঘন।

চীনা ও রুশ পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে তারা বলেন, উত্তর কোরিয়ার উদ্বেগের বিষয়টিও মাথায় রাখতে হবে। তারা দৃশ্যত উত্তর কোরিয়ার সীমান্তের কাছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতি ইঙ্গিত করে এ আহ্বান জানালেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬