উ. কোরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i41622-উ._কোরিয়ার_বিরুদ্ধে_নিন্দা_প্রস্তাব_আটকে_দিয়েছে_রাশিয়া
উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি নিন্দা প্রস্তাব আটকে দিয়েছেন রাশিয়ার কূটনীতিকরা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০৬, ২০১৭ ২০:২৮ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি নিন্দা প্রস্তাব আটকে দিয়েছেন রাশিয়ার কূটনীতিকরা।

জাতিসংঘের রুশ মিশনে নিযুক্ত কূটনীতিকরা বৃহস্পতিবার এক ই-মেইল বার্তায় নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে নিন্দা প্রস্তাবের খসড়ায় আন্তঃমহাদেশীয় বলে উল্লেখ করা হয়েছে কিন্তু মস্কো বিশ্বাস করে গত মঙ্গলবার পিয়ংইয়ং মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

রুশ মিশন বলেছে, “আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ অনুসারে আমরা যৌক্তিকভাবেই নিশ্চিত করতে পারছি না যে, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যেহেতু বিষয়টি নিয়ে ঐকমত্য হয় নি সে কারণে পুরো নিরাপত্তা পরিষদের পক্ষে আমরা এ বিষয়ে একমত হতে পারছি না যে, ওই ক্ষেপণাস্ত্র আন্তঃমহাদেশীয় ছিল।” খসড়া নিন্দা প্রস্তাবের বক্তব্য অনুসারে, নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো পদেক্ষেপ নেবে।

নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে সব সদস্যের সম্মতির দরকার হয়। রাশিয়ার এই বিরোধিতার পর বিষয়টি নিয়ে রুশ কূটনীতিকদের সঙ্গে আমেরিকা আরো আলোচনা করবে কিনা তা এখনো পরিষ্কার নয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬