উত্তর কোরিয়ার হুমকি: আলাস্কায় ‘থাড’র পরীক্ষা চালাবে আমেরিকা
-
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় থাড ব্যবস্থা মোতায়েন করে সেখানে এর পরীক্ষা চালায় আমেরিকা (ফাইল ছবি)
উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে সৃষ্ট উত্তেজনার মধ্যে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’র পরীক্ষা চালানোর হুমকি দিল আমেরিকা।
মার্কিন সরকারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা- এমডিএ জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আলাস্কার প্যাসিফিক স্পেসপোর্ট কমপ্লেক্সে ‘থাড’ ব্যবস্থার পরীক্ষা চালানো হবে।
গত মঙ্গলবার উত্তর কোরিয়া ঘোষণা করে, দেশটি প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমএ’র সফল পরীক্ষা চালিয়েছে যা বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার সত্যতা স্বীকার করে বলেছে, ক্ষেপণাস্ত্রটি ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হাতে পারে। আমেরিকা মহাদেশের উত্তর-পশ্চিমে কানাডার পাশে অবস্থিত মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার দূরত্ব উত্তর কোরিয়া থেকে ৫,৫০০ কিলোমিটারের কম। এ কারণে পিয়ংইয়ং’র আইসিবিএম’র সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে ওই অঙ্গরাজ্যে থাডের পরীক্ষা চালাতে যাচ্ছে আমেরিকা।
এ সম্পর্কে এমডিএ’র মুখপাত্র ক্রিস জনসন বলেছেন, শিগগিরই আকাশে শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা গুলি করে নামিয়ে আনবে ‘থাড’। তিনি আরো বলেন, এবারের পরীক্ষার নাম দেয়া হয়েছে, ফ্লাইট টেস্ট থাড (এফডিটি)-১৮। এ সম্পর্কে আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন জনসন।
এর আগে উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার পর তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ মহড়া চালাতে পূর্ব এশিয়ায় একটি স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে আমেরিকা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮