আমেরিকা আবারো স্বীকার করল পরমাণু সমঝোতা মেনে চলছে ইরান
-
ফাইল ফটো
ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে দ্বিতীয়বারের মতো স্বীকার করেছে আমেরিকা। ২০১৫ সালের জুলাই মাসে এ সমঝোতায় সই করে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর সদস্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি।
গতকাল (সোমবার) এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন কংগ্রেসকে জানিয়েছে, ইরান অব্যাহতভাবে পরমাণু সমঝোতা মেনে চলছে। মার্কিন আইন অনুযায়ী, প্রতি ৯০ দিন পর পর দেশটির প্রশাসন কংগ্রেসকে বিষয়টি জানাতে বাধ্য। ইরান এ সমঝোতা মেনে চললে তেহরানের বিরুদ্ধে কিছু পরমাণু নিষেধাজ্ঞা স্থগিত রাখে কংগ্রেস।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় থেকে ট্রাম্প এ সমঝোতাকে ‘খারাপ চুক্তি’ বলে আসছেন এবং তিনি ক্ষমতায় গেলে তা বাতিল করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ কারণে তিনি ক্ষমতায় আসার পর এ সমঝোতা নিয়ে তার অবস্থান কী হয় তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে- এমন সার্টিফিকেট দেয়ার মাধ্যমে পরিষ্কার হলো যে, ট্রাম্পের প্রশাসন এখনই সমঝোতা বাতিল করছে না। এর আগে, গত এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন বলেছিল, ইরান পরমাণু সমোঝাতা মেনে চলার ক্ষেত্রে সহযোগিতা করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮