মার্কিন বন্দিদের মুক্তি দিন নইলে মারাত্মক পরিণতি: ইরানকে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i42616-মার্কিন_বন্দিদের_মুক্তি_দিন_নইলে_মারাত্মক_পরিণতি_ইরানকে_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে হুঁশিয়ারি দিয়ে আমেরিকা বলেছে, ইরানের কারাগারে আটক সব মার্কিন নাগরিককে মুক্তি না দিলে তেহরানকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২২, ২০১৭ ০৮:২৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে হুঁশিয়ারি দিয়ে আমেরিকা বলেছে, ইরানের কারাগারে আটক সব মার্কিন নাগরিককে মুক্তি না দিলে তেহরানকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

গতকাল (শুক্রবার) হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। বিবৃতিতে বলা হয়েছে, ১০ বছর ধরে ইরানের কারাগারে আটক রবার্ট লেভিনসনকে আমেরিকায় ফেরত পাঠানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, ওবামা প্রশাসনের সময় আটক সিয়ামাক ও বাকের নামাযিসহ ইরানে আটক সমস্ত মার্কিন নাগরিকের মুক্তি দাবি করা হয়েছে এ বিববৃতিতে।

মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই’র সাবেক এজেন্ট লেভিনসন ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপ থেকে ২০০৭ সালে নিখোঁজ হয়েছিলেন বলে আমেরিকা দাবি করে আসছে। কিন্তু ইরান বলছে, এ ধরনের কোনো ব্যক্তি তেহরানের হাতে আটক নেই বরং তার ভাগ্যে কী হয়েছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে সহযোগিতা করতে রাজি আছে ইরান। মার্কিন সরকার লেভিনসনের বিষয়ে তথ্য দেয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।

মার্কিন এ এজেন্ট বেসরকারিখাতে গোয়েন্দাবৃত্তিতে নিযুক্ত ছিলেন বলে আমেরিকা দাবি করলেও ২০১৩ সালে তার পরিবার থেকে বলা হয়- লেভিনসন সিআইএ’র হয়ে গুপ্তরচরবৃত্তিতে লিপ্ত ছিলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২