কোরীয় উপদ্বীপে উত্তজেনা সৃষ্টি থেকে বিরত থাকুন: রাশিয়া
-
ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্যের পর হাস্যেজ্জ্বল উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়ে যায় এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির জন্য রাশিয়া ও চীনকে দায়ী করার যে চেষ্টা আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা করছে, তা ভিত্তিহীন। বিবৃতিতে আরো বলা হয়, “পরিস্থিতির আরো অবনতি হতে পারে এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে আমরা সকল পক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”
সম্প্রতি উত্তর কোরিয়া ১০ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র পরীক্ষা চালায়। পিয়ংইয়ং ঘোষণা করে, আমেরিকার যেকোন স্থানে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে উত্তর কোরিয়া।
দেশটির এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যখন আমেরিকায় উদ্বেগ ও উত্তেজনা বেড়ে গেছে তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি প্রকাশ করল।
এর আগে চীনও একাধিকবার বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট নিরসনের দায়িত্ব বেইজিং’র একার নয়। ওয়াশিংটন ও পিয়ংইয়ংকে উত্তেজনা প্রশমন এবং পরস্পরের উদ্বেগের জায়গাগুলোকে সম্মান জানানোরও আহ্বান জানিয়েছে চীন।
উত্তর কোরিয়া আমেরিকায় হামলা চালানোর সক্ষমতা অর্জন করার পরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ং’র বিরুদ্ধে প্রস্তাব আনেনি আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ওই পরিষদে প্রস্তাব উত্থাপনের মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করা যাবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১