উত্তর কোরিয়া বিষয়ে মার্কিন অবস্থানের প্রতি সমর্থন জানাল চীন
-
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
ওয়াশিংটন উত্তর কোরিয়ার সরকার পরিবর্তনের কোনো চেষ্টা করছে না, বরং পিয়ংইংয়ের সঙ্গে চলমান সংকট আলোচনার মাধ্যমে নিরসন করার চিন্তা করা হচ্ছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি যে মন্তব্য করেছেন তার প্রতি সমর্থন জানিয়েছে চীন।
আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, উত্তর কোরিয়া সংকট নিরসনের লক্ষ্যে ওয়াশিংটনের ইতিবাচক মনোভাবকে তার দেশ অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আলোচনার মাধ্যমে যেকোনো সংকট নিরসনের প্রতি চীন সব সময় সমর্থন দিয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
ওয়াং বলেন, আমেরিকা যেখানে উত্তর কোরিয়ার উপর নানা ধরনের চাপ সৃষ্টি করছে সেক্ষেত্রে দেশটির উচিত পিয়ংইয়ংয়ের জন্য কিছু বিকল্প প্রস্তাব উপস্থাপন করা। তিনি বলেন, পিয়ংইয়ংকে ওয়াশিংটনের এটা বিশ্বাস করানো উচিত যে, নিজেদের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচী ত্যাগ করার মাধ্যমে এর বিনিময়ে ভাল কিছু অর্জন করা সম্ভব।
ওয়াং আরো বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে চীন তার নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। একই সঙ্গে কোরীয় উপদ্বীপে জড়িত সব পক্ষের প্রতি চীন আহ্বান জানাচ্ছে যে, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যে এখানে উত্তেজনা আরো বেড়ে যাবে।
উত্তর কোরিয়ার সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা ওয়াশিংটনের নেই এবং কোরীয় উপদ্বীপের সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধানের ওপর তার দেশ জোর দিচ্ছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বক্তব্য দেয়ার পর ওয়াং এসব প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।#
পার্সটুডে/বাবুল আখতার/৩