উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবে ভেটোর ইঙ্গিত দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i43480-উত্তর_কোরিয়ার_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_প্রস্তাবে_ভেটোর_ইঙ্গিত_দিল_রাশিয়া
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে খসড়া প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে কোনো সমঝোতা হয় নি। এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৭ ১৪:২৩ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে খসড়া প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে কোনো সমঝোতা হয় নি। এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া।

নিষেধাজ্ঞার বিষয়ে চীনকে পাশে পাচ্ছে আমেরিকা- এমন একটি খবরের কথা উল্লেখ করে রুশ রাষ্ট্রদূত বলেন, যদি আমেরিকা ও চীনের মধ্যে এ নিয়ে কোনো সমঝোতা হয়েও থাকে তাহলে তার অর্থ এই নয় যে, নিরাপত্তা পরিষদের সব সদস্যদেশ এ বিষয়ে একমত হয়েছে। তিনি বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে চীন ও আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা হতে পারে কিন্তু তা সার্বজনীন কিছু নয়।

আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ এবং এর মধ্যে যেকোনো একটি সদস্যরাষ্ট্র কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিলে তা বাতিল হয়ে যায়। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে  আমেরিকা। সে কারণে ধারণা করা হচ্ছে- উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে মস্কোর নিজের আপত্তি থাকলেও মার্কিন প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে সমর্থন করবে না তারা।

পিয়ংইয়ং গত শনিবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে; এছাড়া তাদের হাতে রয়েছে পরমাণু কর্মসূচি। এসব কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চায় আমেরিকা ও তার মিত্রদেশগুলো। গত দু দিন ধরে খবর বের হয়েছে যে, মার্কিন প্রস্তাবে সমর্থন দেবে চীন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪