থাইল্যান্ড থেকে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ইংলাক
-
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশ থেকে পালিয়ে গেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে। ইংলাকের পারিবারিক সূত্রের বরাত দিয়ে আজ (শুক্রবার) এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশের কৃষকদের ধান চাষে ভর্তুকি দেয়ার প্রকল্পে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে এবং আজই তার আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি আদালতে যান নি। এ মামলায় দোষী সাব্যস্ত হলে ইংলাককে ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
ইংলাকের পুইয়ে থাই পার্টির একজন নেতা জানিয়েছেন, “নিশ্চয় তিনি থাইল্যান্ড ছেড়েছেন।” তবে তিনি এখন কোথায় রয়েছেন তা বলেন নি এ নেতা। বলা হচ্ছে- কানের সমস্যার কারণে ইংলাক আদালতে উপস্থিত হতে পারেন নি। তার আগে সুপ্রিম কোর্ট সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
আদালত বলেছে, “আমরা মনে করি না তিনি অসুস্থ। আমরা মনে করছি, মামলার বিবাদী নিজেকে গোপন করছেন অথবা তিনি পালিয়ে গেছেন।” আগামী ২৭ সেপ্টেম্বর ইংলাকের এ মামলার পরবর্তী শুনানি হবে।
এদিকে, ইংলাক যাতে দেশ থেকে পালাতে না পারেন সেজন্য থাইল্যান্ডের সীমান্ত পয়েন্টগুলোতে সতর্কাবস্থা জারি করেছ দেশটির জান্তা সরকার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫