রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ: তীব্র নিন্দা জানাল লেবাননের হিজবুল্লাহ
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ ও জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
লেবাননের আল নাশরা বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের বর্বর আচরণের নিন্দা জানিয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, সারা বিশ্বের মানবাধিকারের দাবীদাররা আজ মিয়ানমারে চলমান সীমাহীন অপরাধযজ্ঞের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে। কারণ সেখানে তাদের কোনো স্বার্থ নেই।
হিজবুল্লাহর বিবৃতিতে আরো বলা হয়েছে, আজকে যারা রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে বৃহৎ শক্তিগুলো তাদের প্রতি সমর্থন দিচ্ছে। দখলদার ইসরাইলও মিয়ানমার সরকারকে অস্ত্র দিয় সহযোগিতা করছে। বিবৃতিতে মজলুম রোহিঙ্গা মুসলমানদের আর্তনাদ সারা বিশ্বে পৌঁছে দেয়ার জন্য বিশ্বের মুক্তিকামী ও মুসলিম জাতিগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
রোহিঙ্গা মুসলমানদের ওপর নতুন করে হামলা শুরুর পর গত দুই সপ্তাহে বহু মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। #
পার্সটুডে/ মো. রেজওয়ান হোসেন/৫