'আফগানিস্তান নিয়ে পাকিস্তানের ভূমিকাকে সমর্থন করেছে ইরান-চীন-তুরস্ক'
https://parstoday.ir/bn/news/world-i45927-'আফগানিস্তান_নিয়ে_পাকিস্তানের_ভূমিকাকে_সমর্থন_করেছে_ইরান_চীন_তুরস্ক'
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, আফগানিস্তান নিয়ে ইসলামাবাদের ভূমিকাকে সমর্থন করেছে ইরান, চীন এবং তুরস্ক। আফগান সংকট সামরিক ভাবে সমাধান করা সম্ভব নয় এবং এ সংকট রাজনৈতিক ভাবে নিরসন করতে হবে বলেও জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ১৫:০০ Asia/Dhaka
  • 'আফগানিস্তান নিয়ে পাকিস্তানের ভূমিকাকে সমর্থন করেছে ইরান-চীন-তুরস্ক'

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, আফগানিস্তান নিয়ে ইসলামাবাদের ভূমিকাকে সমর্থন করেছে ইরান, চীন এবং তুরস্ক। আফগান সংকট সামরিক ভাবে সমাধান করা সম্ভব নয় এবং এ সংকট রাজনৈতিক ভাবে নিরসন করতে হবে বলেও জানান তিনি।

খাজা আসিফ সম্প্রতি ইরান, চীন ও তুরস্ক সফর করেছেন। আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া নিয়ে নতুন মার্কিন নীতির বিষয়ে আলোচনার জন্য এ সফর করেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার সফরের সময়ে এ সব দেশ  সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের বিষয়টি স্বীকার করেছে।

এ ছাড়া, এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আফগানিস্তানে শান্তি স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছে এ সব দেশ। আফগানিস্তান শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতিও তারা ব্যক্ত করেছেন বলে জানান তিনি।

পাক সীমান্তবর্তী আফগানিস্তানে ভারত বিনিয়োগ করছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি ইসলামাবাদ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

তিনি আরো বলেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকের সময়ে উভয় দেশ স্বীকার করেছে যে আফগান সংকটের কোনো সামরিক সমাধান নেই।

তিনি আরো জানান, শিগগিরই আমেরিকা সফর করবেন তিনি এবং সে সময়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে তার বৈঠক হবে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫