রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে: এইচআরডাব্লিউ
মিয়ানমারের সেনাবাহিনী মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন এবং নিপীড়ন বন্ধে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে অস্ত্রসহ আরো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ (মঙ্গলবার) নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসের পরিচালক জেমস রোস জানিয়েছেন, মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের অত্যন্ত অমানবিকভাবে বের করে দিচ্ছে।
তিনি বলেন, "রোহিঙ্গা গ্রামগুলোতে পাশবিক হামলা চালিয়ে যেভাবে লোকদেরকে বের করে দেয়া হচ্ছে তা স্পষ্ট মানবতা বিরোধী অপরাধ।"
সংস্থাটি জানিয়েছে, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি থেকে রোহিঙ্গাদের ওপর চালানো অপরাধযজ্ঞের বিষয়টি প্রমাণিত হয়েছে। রোহিঙ্গাদের ওপর পাশবিক হত্যাকাণ্ড, ধর্ষণ এবং নির্যাতন চালানো হয়েছে বলেও সংস্থাটি তার প্রতিবেদনে উল্লেখ করেছে।
এছাড়া, মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর কঠোর দমনপীড়নের বিষয়ে তদন্ত করতে দেশটিতে একটি পর্যবেক্ষণ দল পাঠাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডাব্লিউ।তবে মিয়ানমার সরকার এইচআরডাব্লিউ'র প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬