কক্সবাজারে নৌকাডুবিতে ৬৩ রোহিঙ্গা মুসলমানের মৃত্যুর আশংকা
https://parstoday.ir/bn/news/world-i46721-কক্সবাজারে_নৌকাডুবিতে_৬৩_রোহিঙ্গা_মুসলমানের_মৃত্যুর_আশংকা
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশটির সেনা ও উগ্রবাদী বৌদ্ধদের গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসতে গিয়ে কক্সবাজারের ইনানি বিচের কাছে নৌকাডুবিতে ৬৩ জন রোহিঙ্গা মুসলমান মারা গেছেন বলে আশংকা করা হচ্ছে। এরইমধ্যে ২৩ জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বাকি ৪০ জন নিখোঁজ রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১৩:৪৫ Asia/Dhaka
  • নৌকাডুবিতে স্বজন হারানো রোহিঙ্গাদের কান্না
    নৌকাডুবিতে স্বজন হারানো রোহিঙ্গাদের কান্না

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশটির সেনা ও উগ্রবাদী বৌদ্ধদের গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসতে গিয়ে কক্সবাজারের ইনানি বিচের কাছে নৌকাডুবিতে ৬৩ জন রোহিঙ্গা মুসলমান মারা গেছেন বলে আশংকা করা হচ্ছে। এরইমধ্যে ২৩ জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বাকি ৪০ জন নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও নৌকা থেকে বেঁচে যাওয়া লোকজন জানিয়েছেন, গতকাল (বৃহস্পতিবার) পাতুয়ারটেকের কাছে এ ঘটনা ঘটে। ইনানি বিচ থেকে ওই স্থানের দূরত্ব আট কিলোমিটার। প্রবল বৃষ্টি ও সাগরের ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকায় বহু নারী ও শিশু ছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র জোয়েল মিলম্যান জেনেভায় সাংবদিকদের জানিয়েছেন, ২৩ জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বাকি ৪০ জন নিখোঁজ রয়েছেন। মোট মৃত্যুর সংখ্যা ৬০- এ দাঁড়াবে বলে তিনি আশংকা করেন। তবে নৌকায় ১০০ জনের বেশি লোক ছিলেন এব্ং কেউ কেউ আশংকা করছেন মৃতের সংখ্যা ১০০তে পৌঁছাতে পারে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আরেক মুখপাত্র হালা জাবের ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য অনুসন্ধানী অভিযান চলছে। তিনি নৌকাডুবির ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন। 

বাংলাদেশ নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ছাড়াল

এদিকে, মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতনের মুখে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার (আইওএম) নেতৃত্বাধীন ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের সংখ্যা পাঁচ লাখ এক হাজার ৮০০জন।

তবে আইওএম বলছে, কক্সবাজারের চার উপজেলায় নিজেদের মতো আশ্রয় তৈরি করে টিকে আছে চার লাখ ৪৮ হাজার ১০০ রোহিঙ্গা।

পার্সটুডে/সিরাজুল ইসলাম/শামস মণ্ডল/২৯