মহান আশুরা পালন করছেন বিশ্বের কোটি কোটি মুসলমান
https://parstoday.ir/bn/news/world-i46805-মহান_আশুরা_পালন_করছেন_বিশ্বের_কোটি_কোটি_মুসলমান
 কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে আজ (রোববার)  ইরানসহ বিশ্বব্যাপী পালন করা হচ্ছে মহান আশুরা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০১, ২০১৭ ১৩:৫৩ Asia/Dhaka

 কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে আজ (রোববার)  ইরানসহ বিশ্বব্যাপী পালন করা হচ্ছে মহান আশুরা।

একইভাবে এর আগের দিন অর্থাৎ গতকাল বিশ্বব্যাপী পালন করা হয়েছে আশুরার পূর্বদিন তথা তাসুয়া। 

৬৮০ খ্রিস্টাব্দের এমন দিনে খোদাদ্রোহী জালিম শাসক  ইয়াজিদের শাসন মেনে নিতে অস্বীকার করায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)'র নাতি  হযরত ইমাম হুসাইন (আ) এবং তাঁর পরিবার ও সঙ্গীদের ওপর কারবালা ময়দানে চাপিয়ে দেয়া হয়েছিল এক অসম যুদ্ধ। ইমাম ও তাঁর ৭২ জন সঙ্গীরা বীরত্বপূর্ণ এবং নীতি-নির্ধারণী ওই লড়াইয়ে শহীদ হয়ে অন্যায় ও  অবিচারের মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ বা শাহাদাতের অমর আদর্শ শিখিয়ে গেছেন বিশ্বমানবতাকে।  

এদিকে আজ মহান আশুরার দিনে ইরাকের পবিত্র কারবালা শহরে অন্তত ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান শোক পালন করছেন। 

বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলমান আশুরার শোক পালন করতে পবিত্র কারবালা শহরে এসেছেন যেখানে রয়েছে আশুরা বিপ্লবের মহানায়ক হযরত ইমাম হুসাইন (আ)'র পবিত্র মাজার। ভারত উপমহাদেশ, মধ্য-এশিয়া এবং আরব বিশ্বের নানা অঞ্চল থেকেও বিশ্বনবী (সা)'র আহলে-বাইত প্রেমিকরা কারবালায় জড়ো হয়েছেন। 

ইমাম হুসাইন (আ)'র মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, কারবালায় জনসমুদ্র প্রায় ত্রিশ লাখে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

লেবানন, সিরিযা, ইয়েমেন, আজারবাইজান, বাহরাইন, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানেও লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান আশুরা উপলক্ষে শোক সমাবেশ করছেন।  বাংলাদেশেও আজ পালন করা হচ্ছে মহান আশুরা। বিশ্বের নানা মহাদেশে ও এমনকি পশ্চিমা দেশগুলোতেও ধর্মপ্রাণ মুসলমানরা আশুরার শোক-মিছিল ও সমাবেশে অংশ নিয়ে শহীদ সম্রাট ইমাম হুসাইন ও তাঁর মহান সঙ্গীদের আত্মত্যাগের আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা, অঙ্গীকার ও অনুরাগ দেখাচ্ছেন। #

পার্সটুডে/এমএএইচ/১