আফগান সামরিক ঘাঁটিতে তালেবান হামলা: নিহত ৪৩ সেনা
-
তালেবান হামলার পর দৃশ্য
আফগানিস্তানের উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তালেবান দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে অন্তত ৪৩ আফগান সেনা নিহত হয়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) ভোরে সন্ত্রাসীরা কান্দাহার প্রদেশের মায়ভান্দ জেলার চাশমো এলাকায় সেনাবাহিনীর একটি স্থাপনায় হামলা চালালে এসব সেনা নিহত হয়। ঘটনার কিছুক্ষণ পরেই উগ্র গোষ্ঠী তালেবান বর্বরোচিত এ হামলার দায়িত্ব স্বীকার করে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলাত ওয়াজিরি জানিয়েছেন, "আমরা মনে করছি, সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি হামভি গাড়ি ওই স্থাপনার প্রবেশ পথে বিস্ফোরণ ঘটিয়েছে। তবে হামলায় আরো কোনো গাড়ি বোমা জড়িত ছিল কিনা তা আমরা খতিয়ে দেখছি। শক্তিশালী বিস্ফোরণে আরো অন্তত নয় সেনা আহত হয়েছে।"
তিনি আরো বলেন, সামরিক ঘাঁটিতে ৬০ জন সেনা ছিল এবং এদের মধ্যে এখনো ছয় জন নিখোঁজ আছেন। হামলায় কেবল দুই সেনা অক্ষত রয়েছেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র আফগানিস্তানের তোলো টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, প্রাথমিক বিস্ফোরণের পর সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি ছোঁড়ে। এসময় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/১৯