রোহিঙ্গা হত্যাকাণ্ড বন্ধ করুন: মিয়ানমারকে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i47908-রোহিঙ্গা_হত্যাকাণ্ড_বন্ধ_করুন_মিয়ানমারকে_আমেরিকা
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ড ও সহিংসতা বন্ধের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গতকাল (বৃহস্পতিবার) মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংকে ফোন করে এ আহ্বান জানান টিলারসন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৭ ০৯:১০ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ড ও সহিংসতা বন্ধের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গতকাল (বৃহস্পতিবার) মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংকে ফোন করে এ আহ্বান জানান টিলারসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নোয়ের্ত এক বিবৃতিতে এ ফোনালাপের কথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের ওপর চলমান বর্বরতা ও মানবিক সংকটে উদ্বেগ প্রকাশ করেন টিলারসন। রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে সরকারকে সহায়তা করার জন্য তিনি মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি বর্বর সহিংসতার কারণে যেসব রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তাদেরকে নিরাপদে নিজেদের ঘর-বাড়িতে ফেরার সুযোগ দেয়ার কথা বলেছেন।

রোহিঙ্গা মুসলমান (সাম্প্রতিক ছবি)

মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করলেও মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকার করে আসছেন। তবে গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, রাখাইনের অবনতিশীল পরিস্থিতিতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলো প্রায় সবই পুড়িয়ে দেয়া হয়েছে এবং মিয়ানমারের সেনা ও উগ্রবাদী বৌদ্ধদের হামলা ও নির্যাতনের মুখে এ পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে কোনোরকম জীবন নিয়ে পালিয়ে গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭