‘আফগানিস্তানে বিদেশি উপস্থিতির বিরুদ্ধে আঞ্চলিক জোট চায় পাকিস্তান’
-
আসাদ দুররানি
পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইএ’র সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসাদ দুররানি বলেছেন,আফগানিস্তানে বিদেশি উপস্থিতির বিরুদ্ধে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তিনি দাবি করেন, এরইমধ্যে বিষয়টি নিয়ে চারটি দেশের সঙ্গে ইসলামাবাদ সফল আলোচনা করেছে।
আসাদ দুররানি বলেন, “এখন একটি আঞ্চলিক জোট গড়ে উঠছে, যদিও সেই অর্থে এখনো জোট গড়ে ওঠে নি তবে আফগানিস্তানে বিদেশি উপস্থিতির বিষয়টি কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে।” রাশিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে আসাদ দুররানি এসব কথা বলেছেন।
তিনি দাবি করেন, “প্রকৃতপক্ষে এরইমধ্যে আমরা ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে একটি মিত্রতা গড়ে তুলেছি এবং শেষ পর্যায়ে তুরস্ক এতে যোগ দিয়েছে।” দুররানি জানান, পাকিস্তান এখন মোটেই আমেরিকার নিষেধাজ্ঞার ভয় করে না কারণ আমেরিকা থেকে সত্যিকার অর্থে ইসলামাবাদ কোনো সহায়তা পায় না। আমেরিকার ওপর পাকিস্তানের নির্ভরশীলতাও কেটে গেছে অনেক আগে।
জেনারেল দুররানি বলেন, “পাকিস্তান এখন সেইসব দেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যারা প্রকৃতপক্ষে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সহযোগিতা দেবে। আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা গেলে আফগানিস্তানে মার্কিন উপস্থিতিরও অবসান ঘটবে।”
আফগানিস্তান বিষয়ক আমেরিকার নতুন নীতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে আসাদ দুররানি বলেন, যুদ্ধ-বিধ্বস্ত এই দেশটি নিয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসে নি। তবে আমেরিকার স্বার্থেই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করা দরকার। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনির্দিষ্ট কয়েকটি দেশকে হুমকি ধমকি দিচ্ছেন। তিনি চান যেকোনো মূল্যে আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি ধরে রাখতে।”
আসাদ দুররানি দাবি করেন, তালবান নেতৃত্বকে পাকিস্তানই আলোচনার টেবিলে ফিরিয়ে এনেছিল কিন্তু কাবুল অথবা ওয়াশিংটন অন্তর্ঘাতমূলক তৎপরতার মাধ্যমে সে আলোচনার সম্ভাবনা নস্যাৎ করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০