আফগানিস্তানে আরো এক মার্কিন সেনা নিহত
-
আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা
আফগানিস্তান অভিযানে আরো এক মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দেশটিতে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আফাগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গোলযোগপূর্ণ লগার প্রদেশে সামরিক অভিযান চালাতে গিয়ে ওই সেনা আহত হন এবং গতকাল (শনিবার) বিকেলে মারা যান। এদিকে, নিহত সেনার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন। তিনি বলেন, "দুঃখজনক এ ঘটনা সত্ত্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা আফগান জনগণের পাশে থাকব এবং তাদেরকে সব ধরনের সমর্থন দেয়া অব্যাহত রাখব।" তবে নিহত সেনার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয় নি।
গত আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কথিত সন্ত্রাস বিরোধী অভিযানে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন। আফগানিস্তানে নতুন করে আরো ৩,৮০০ মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে পেন্টাগন।
২০০১ সালের ৭ অক্টোবর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের আওতায় ওই আগ্রাসন চালিয়ে তালেবান সরকারকে উৎখাত করা হয়। কিন্তু সে ঘটনার দেড় দশক পর আজও আফগানিস্তান থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার করা হয়নি। ২০০৮ সালে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে আফগান যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি তা রক্ষা করেননি। বরং এত বছর পর আফগানিস্তানে নতুন করে আরো হাজার হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিলেন তার প্রতিরক্ষামন্ত্রী।#
পার্সটুডে/বাবুল আখতার/৫