প্রতারণার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না: কানাডীয় দূত
-
কানাডা সরকারের বিশেষ দূত বব রায়ে
মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতারণামূলক মনোভাবের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন কানাডা সরকারের বিশেষ দূত বব রায়ে। তিনি বলেন, ‘‘আমি তাকে (সু চি) বলব যে, কিছুই ঘটেনি—এমন ভান ধরে থাকলে সমাধান আসবে না। এমনকি দু’পক্ষের মধ্যে সংঘাত হয়েছে এবং এটা খুব খারাপ—এমন কথা বলেও সমাধান হবে না।’
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে কানাডার সিটিভি নিউজ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা বব রায়ে রোহিঙ্গা সংকট দেখভালের জন্য সম্প্রতি নিয়োগ পেয়ে বাংলাদেশে আসেন। তার সাক্ষাৎকারটি গতকাল (শনিবার) প্রচারিত হয়।
সাক্ষাৎকারে বব রায়ে বলেন, রোহিঙ্গাদের জোরপূর্বক তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং আরও অনেকে পালিয়ে আসছে। এটা স্পষ্ট যে সেখানে অনেক মানুষ মারাও গেছে। সুতরাং আমাদের এ বিষয়ে কথা বলা দরকার, আরও অনেক অনেক তথ্য-উপাত্ত দরকার।
কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর অভিজ্ঞতাকে 'বেদনাদায়ক' উল্লেখ করে তিনি বলেন, আমরা যা দেখেছি তার প্রভাব হজম করতে অনেক লম্বা সময় লাগবে। যা ঘটেছে, মানুষ তাতে ভীত-সন্ত্রস্ত এবং কঠিন আঘাত পেয়েছে।
বব রায়ে কক্সবাজারে ১২ জন রোহিঙ্গা নারীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই নারীরা বব রায়ে-কে রাখাইনে যৌন নিপীড়ন, বিমান হামলা, শিরশ্ছেদ এবং শিশুদের ওপর চাপাতি নিয়ে হামলাসহ বিভিন্ন ভয়াবহ সহিংসতাসহ নানারকম বর্বরতার কথা শুনিয়েছে।
এর আগে, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি. ওয়াটকিনস বলেছেন, রাতারাতি রোহিঙ্গা সংকট সমাধান হবে না। এজন্য মিয়ানমার সেনাবাহিনী বা শুধু রাখাইন নয়, গোটা মিয়ানমারের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমনপীড়ন শুরু করে। তখন থেকে জীবন ও সম্ভ্রম বাঁচাতে ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ১৯৭৮ সালের পর থেকে বিভিন্ন সময়ে আশ্রয় নেয় আরও ৫ লাখেরও বেশি রোহিঙ্গা। এছাড়া, এ পর্যন্ত প্রায় ছয় হাজার মুসলমান নিহত ও অপর অন্তত আট হাজার মানুষ আহত হয়েছে। এ ঘটনাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলমানের বাংলাদেশে প্রবেশের ঘটনাকে ‘বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট’ বলে উল্লেখ করেছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৫