চবাহার বন্দর পাকিস্তানের বিরুদ্ধে কোনো জোট নয়: ইসলামাবাদ
https://parstoday.ir/bn/news/world-i48217-চবাহার_বন্দর_পাকিস্তানের_বিরুদ্ধে_কোনো_জোট_নয়_ইসলামাবাদ
ইরানের চবাহার বন্দর ব্যবহার করে ভারত ও আফগানিস্তান যে বাণিজ্য শুরু করেছে তাকে পাকিস্তান-বিরোধী কোনো জোট বলে মনে করছে না ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সালের বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৬, ২০১৭ ১৬:২০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইরানের চবাহার বন্দর ব্যবহার করে ভারত ও আফগানিস্তান যে বাণিজ্য শুরু করেছে তাকে পাকিস্তান-বিরোধী কোনো জোট বলে মনে করছে না ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সালের বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র এ খবর দিয়েছে।

তিনি বলেছেন- আফগানিস্তান, ইরান ও চীনের সঙ্গে ইসলামাবাদের আগের মতোই বাণিজ্য চলবে। ইরানের চবাহার বন্দর দিয়ে আফগানিস্তানে ভারত গমের প্রথম চালান পাঠানোর পর পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্য এল। পাক পররাষ্ট্র দপ্তর বলেছে, আফগানিস্তানে গম ও অন্যান্য পণ্য পাঠানো নতুন কিছু নয়; পাকিস্তানও আফগানিস্তানে নানা পণ্য পাঠিয়ে আসছে।

মোহাম্মাদ ফয়সাল বলেন, ভূমি পরিবেষ্টিত দেশ হওয়ার কারণে প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে নিজের প্রয়োজন মেটানোর অধিকার আফগানিস্তানের রয়েছে। তিনি ইরানের বক্তব্য তুলে ধরে বলেন,  চবাহার ও গোয়াদার বন্দর হচ্ছে একে অপরের পরিপূরক। গতকাল (রোববার) ভারত চবাহার বন্দরের মাধ্যমে গমের প্রথম চালান পাঠিয়েছে আফগানিস্তানে। এর মাধ্যমে পাকিস্তানকে এড়িয়ে ভারত ও আফগানিস্তান বাণিজ্য শুরু করল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬