ইয়েমেনের ক্ষেপণাস্ত্র নিয়ে ব্রিটিশ মন্ত্রীর দাবির জবাব দিল ইরান
-
লন্ডনস্থ ইরান দূতাবাস
সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ব্রিটিশ উপ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যর জবাব দিয়েছে ইরান। তেহরান বলেছে, ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত মারণাস্ত্র দিয়ে গত কয়েক বছর ধরে ইয়েমেনে গণহত্যা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে গত ৪ নভেম্বর হুথি আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ব্রিটিশ উপ পররাষ্ট্রমন্ত্রী অ্যালেস্টেয়ার বার্ট দাবি করেছেন, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ইরানে তৈরি হয়েছে।
লন্ডনস্থ ইরান দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে ওই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ব্রিটেনসহ অন্যান্য পশ্চিমা দেশের সরবরাহ করা সমরাস্ত্র দিয়ে গত দুই বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের নারী ও শিশুসহ নিরপরাধ মানুষ হত্যা করে যাচ্ছে সৌদি আরব।
বিবৃতিতে অবিলম্বে ইয়েমেনে সৌদি আরবের পাশবিকতা বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ইয়েমেন সংকট নিরসনের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী ২০১৫ সালে চার ধারাবিশিষ্ট যে পরিকল্পনা পেশ করেছিলেন তা দিয়ে এখনো এ সংকট নিরসন সম্ভব।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনায় অবিলম্বে ইয়েমেনে আগ্রাসন বন্ধ, দেশটিতে মানবিক ত্রাণ প্রেরণ, ইয়েমেনের সব পক্ষের মধ্যে সংলাপ এবং একটি সর্বদলীয় সরকার গঠনের কথা বলা হয়েছিল।
লন্ডনস্থ ইরান দূতাবাসের বিবৃতিতে ব্রিটেনসহ অন্যান্য পশ্চিমা দেশকে সৌদি আরবের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করে ইয়েমেনের জনগণের জন্য ত্রাণ পাঠানোর আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে ইয়েমেন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ারও আহ্বান জানিয়েছে ইরান।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১