সিরিয়ায় সামরিক যোগাযোগ রক্ষার ব্যাপারে পুতিন ও ট্রাম্পের সম্মতি
-
পুতিন এবং ট্রাম্প
সিরিয়ায় রুশ এবং মার্কিন বাহিনীর মধ্যে সামরিক যোগাযোগ রক্ষা বজায় রাখা বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ (শনিবার) ক্রেমলিন জানিয়েছে, ভিয়েতনামের দা নাং শহরে 'এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন' বা এপেক'র শীর্ষ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত বৈঠকের সময় দুই নেতা এ বিষয়ে একটি যৌথ বিবৃতিতে অনুমোদন দিয়েছেন। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ সকালে এ বিবৃতি প্রস্তুত করেছেন বলে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় রুশ এবং মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত বিভিন্ন মিত্র বাহিনীর মধ্যে বিপজ্জনক সংঘর্ষ এড়ানোর লক্ষ্যে চলমান সামরিক যোগাযোগ বজায় রাখার ব্যাপারে পুতিন এবং ট্রাম্প একমত হয়েছেন।
এছাড়া, সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি আলোচনায় ইতিবাচক ভূমিকা পালন করতে সিরিয়া সংকটে জড়িত সব পক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন রুশ এবং মার্কিন প্রেসিডেন্ট।#
পার্সটুডে/বাবুল আখতার/১১