মিশরের মসজিদে উগ্রবাদীদের হামলা: নিহত অন্তত ২৩৫, আহত ১৩০
মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপের একটি মসজিদে আজ (শুক্রবার) উগ্রবাদীদের বোমা হামলা এবং বন্দুকের গুলিতে অন্তত ২৩৫ নিহত ও ১৩০ আহত হয়েছেন। জুম্মার নামাজ আদায়ের সময়ে চারটি গাড়ি থেকে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
মিশরের তিন পুলিশ কর্মকর্তা বলেন, উত্তর সিনাইয়ের আর রাওয়াদা মসজিদে এ হামলা চালানো হয়। নামাজ আদায়রত মিশরের নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেই প্রধান হামলা চালানো হয় বলে একটি খবরে বলা হয়েছে। আর রাওয়াদা মসজিদটি উত্তর সিনাইয়ের রাজধানী আল-আরিশ থেকে ২৫ মাইল দূরে বির আল-আবাদ শহরে অবস্থিত।
হামলায় বোমাও ব্যবহার করা হয়েছে বলে এমইএনএ'র খবরে উল্লেখ করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করে নি।
এদিকে, হামলার পরই জরুরি বৈঠক ডেকেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি। এছাড়া, দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
গত সেপ্টেম্বরে মাসে সিনাইয়ে একটি পুলিশ বহরের বিরুদ্ধে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের গুপ্ত হামলায় ১৮ জন নিহত হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২৪