পরমাণু সমঝোতা ভেঙে পড়ার উপক্রম হয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i49071-পরমাণু_সমঝোতা_ভেঙে_পড়ার_উপক্রম_হয়েছে_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের এক বৈঠকে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২৯, ২০১৭ ০৪:২০ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের এক বৈঠকে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

ল্যাভরভ বলেন, আমরা যেসব গুরুত্বপূর্ণ চুক্তিকে বহুপাক্ষিক গঠনমূলক সহযোগিতার আদর্শ হিসেবে মনে করি বিশেষ করে ইরানের পরমাণু সমঝোতা- তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বর ইরানের পরমাণু সমঝোতাকে ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে অভিহিত করে বলেন, এটি সংশোধন করা না হলে তিনি আমেরিকাকে এই সমঝোতা থেকে বের করে নেবেন।

ইউরোপীয় ইউনিয়নসহ পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করে। এমনকি বিভিন্ন মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞও প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যকে অপরিপক্ক বলে বর্ণনা করেন।

ছয় জাতিগোষ্ঠী  ও ইরান ২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা সই করে

এর আগে ট্রাম্প গত ১৩ অক্টোবর ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে কিনা তা প্রত্যয়ন করতে অস্বীকৃতি জানান; যদিও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তখন পর্যন্ত আটটি প্রতিবেদনে বলেছিল, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে।

ইউরোপীয় ইউনিয়নসহ অন্য সব দেশ বলছে, ইরানের পরমাণু সমঝোতা একটি পূর্ণাঙ্গ চুক্তি এবং এটি সংশোধন করা তো দূরের কথা এ সমঝোতা নিয়ে আবার আলোচনা করারও সুযোগ নেই।

২০১৫ সালের জুলাই মাসে জার্মানি এবং জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও আমেরিকার সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান যা ২০১৬ সালের জানুয়ারি মাসে কার্যকর হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯