পাকিস্তানে গেলেন ম্যাটিস: প্রাধান্য পাবে তালেবান ইস্যু
-
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস
পাকিস্তান সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। আফগানিস্তান বিষয়ে ওয়াশিংটনের নতুন সামরিক নীতি নিয়ে আলোচনা করতে ম্যাটিস ইসলামাবাদ সফরে গেছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ম্যাটিস আজ (সোমবার) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছান। আফগান যুদ্ধ, দ্বিপাক্ষিক ইস্যু এবং আঞ্চলিক নানা পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে কথা রয়েছে।
ইসলামাবাদে পৌছার আগে ম্যাটিস বলেছিলেন, তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ঐকমত্য সৃষ্টি করতে তিনি পাকিস্তান সফরে যাচ্ছেন। ওয়াশিংটন অভিযোগ করে আসছে, আফগানিস্তানে হামলা চালানোর ক্ষেত্রে সন্ত্রাসীরা পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করে আসছে। তবে পাকিস্তানের কর্মকর্তারা আমেরিকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদ অনেক মূল্য দিয়েছে।
ধারণা করা হচ্ছে-আফগান নীতি মেনে নেয়ার বিষয়ে মার্কিন প্রশাসন পাকিস্তানের জন্য একদিকে কূটনৈতিক পথ অনুসরণ করছে অন্যদিকে চাপ দেয়ার কৌশল নিয়েছে। তবে, জিম ম্যাটিস সাংবাদিকদের বলেছেন, তিনি সফরে গিয়ে ইসলামাবাদের ওপর কোনো চাপ সৃষ্টি করবেন না।#
পার্সটুডে/বাবুল আখতার/৪