মিয়ানমারে নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ শুরু   
https://parstoday.ir/bn/news/world-i49937-মিয়ানমারে_নির্যাতনের_বিরুদ্ধে_সাংবাদিকদের_প্রতিবাদ_শুরু
মিয়ানমারে সাংবাদিকদের ওপর নিরাপত্তা বাহিনীর ধরপাকড় ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন দেশটির সাংবাদিকরা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটকের প্রতিবাদে তারা এ কর্মসূচি শুরু করেছেন এবং এর অংশ হিসেবে গতকাল (শনিবার) থেকে কালো শার্ট পরার ঘোষণা দিয়েছেন তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৭ ১০:৩২ Asia/Dhaka
  • রয়টার্স অফিসে কর্মরত ওয়া লোন (বামে) ও কাইওয়া সোয়ে উ (১১ ডিসেম্বরের ছবি)
    রয়টার্স অফিসে কর্মরত ওয়া লোন (বামে) ও কাইওয়া সোয়ে উ (১১ ডিসেম্বরের ছবি)

মিয়ানমারে সাংবাদিকদের ওপর নিরাপত্তা বাহিনীর ধরপাকড় ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন দেশটির সাংবাদিকরা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটকের প্রতিবাদে তারা এ কর্মসূচি শুরু করেছেন এবং এর অংশ হিসেবে গতকাল (শনিবার) থেকে কালো শার্ট পরার ঘোষণা দিয়েছেন তারা।

‘দি প্রটেকশন কমিটি ফর মিয়ানমার জার্নালিস্ট’ নামের এ সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, “সরকারি গোপন আইন ভঙ্গ” করার নামে রয়টার্সের যে দুই সাংবাদিককে আটক করা হয়েছে তাদের মুক্তি না দেয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। সংগঠনটি আরো বলেছে, মিয়ানমারের গণমাধ্যম যে অন্ধকার যুগের মধ্যে রয়েছে তা তুলে ধরাই হবে কালো শার্ট পরে প্রতিবাদের মূল লক্ষ্য।

আটক দুই সাংবাদিক ওয়া লোন (বামে) ও কাইওয়া সোয়ে উ 

সম্প্রতি ইয়াঙ্গুন থেকে ওয়া লোন ও কাইওয়া সোয়ে উ নামের দুই সাংবাদিককে আটক করে মিয়ানমার সরকার। মিয়ানমারের সংবাদপত্র ফ্রন্টিয়ার মিয়ানমারের তথ্যানুসারে, তাদের কাছে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের একটি মানচিত্র এবং সেনাবাহিনীর একটি প্রতিবেদন পাওয়ায় তাদের আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স এবং জতিসংঘ দ্রুত দুই সাংবাদিককে মুক্তির দাবি জানয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭