নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়াকে তেল দিচ্ছে চীন!
-
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীন উত্তর কোরিয়াকে তেল দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরার জন্য দেশটির বিরুদ্ধে যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা পুরোপুরি মেনে চলছে বেইজিং। কিন্তু চোরাচালানকারীরা যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো কাজ করে ফেলে তাহলে তা চীন সরকারের নামে চালিয়ে দেয়া ঠিক নয়।
দক্ষিণ কোরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির ‘জুসান ইলবো’ পত্রিকা সম্প্রতি খবর দেয়, গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত চীনা তেলবাহী ট্যাংকার থেকে সাগরে বসে উত্তর কোরিয়ার ট্যাংকারগুলোতে অন্তত ৩০ বার তেল সরবরাহ করা হয়েছে।
এ খবরের প্রতিক্রিয়ায় হুয়া চুনিং প্রশ্ন করেন, বিশ্বের অন্যান্য দেশ কি এ গ্যারান্টি দিতে পারবে যে, তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা একবারের জন্যও লঙ্ঘন করেনি?
গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করে তাতে দেশটিতে পরিশোধিত তেল রপ্তানির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের ওই প্রস্তাবে সমর্থন দিয়েছে চীন।
ওদিকে, উত্তর কোরিয়া এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেছে, আমেরিকা ও তার মিত্ররা যতদিন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে হুমকি ও উস্কানিমূলক তৎপরতা চালিয়ে যাবে ততদিন দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ হবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮