পাক-রুশ সম্পর্ক শক্তিশালী হয়েছে: মস্কো
https://parstoday.ir/bn/news/world-i50501-পাক_রুশ_সম্পর্ক_শক্তিশালী_হয়েছে_মস্কো
গত তিন চার বছরে পাকিস্তান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক শক্তিশালী হয়েছে। একথা বলেছেন, পাকিস্তানের নিযুক্ত রুশ কনসাল জেনারেল ড. আলেকজান্ডার ডি. খোজিন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৭ ০৯:৩৯ Asia/Dhaka
  • ড. আলেকজান্ডার ডি. খোজিন
    ড. আলেকজান্ডার ডি. খোজিন

গত তিন চার বছরে পাকিস্তান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক শক্তিশালী হয়েছে। একথা বলেছেন, পাকিস্তানের নিযুক্ত রুশ কনসাল জেনারেল ড. আলেকজান্ডার ডি. খোজিন।

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পাকিস্তান ও রাশিয়া দু দেশই এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আনার চেষ্টা করছে এবং আমরা পরস্পরকে সমর্থন দিচ্ছি।”

তিনি জানান, পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে এবং দু দেশের সরকার পারস্পরিক স্বার্থে কাজ করছে। সে কারণে ইসলামাবাদ ও মস্কোর মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তান সফর করবেন কিনা- এমন এক প্রশ্নের জবাবে খোজিন বলেন, “বিষয়টি সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট পুতিনের ওপর নির্ভর করছে এবং কূটনীতিকদের কাজ হচ্ছে সেতুবন্ধন তৈরি করে দেয়া।”

রাশিয়ার এ কূটনীতিক আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া, ইসরাইল-ফিলিস্তিন সংকট, বায়তুল মুকাদ্দাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, আমেরিকার সঙ্গে রাশিয়ার বর্তমান সম্পর্ক ও টানাপড়েন এবং কথিত এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার দিক নিয়েও কথা বলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮