শাহবাজ সৌদিতে, নওয়াজও যাচ্ছেন: নানা গুঞ্জন
https://parstoday.ir/bn/news/world-i50547-শাহবাজ_সৌদিতে_নওয়াজও_যাচ্ছেন_নানা_গুঞ্জন
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিশেষ সফরে সৌদি আরব যাচ্ছেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বলছে, সৌদি সফরের সময় তিনি দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৭ ০৯:৩২ Asia/Dhaka
  • শাহবাজ শরীফ (বামে) ও নওয়াজ শরীফ
    শাহবাজ শরীফ (বামে) ও নওয়াজ শরীফ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিশেষ সফরে সৌদি আরব যাচ্ছেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বলছে, সৌদি সফরের সময় তিনি দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

নওয়াজ শরীফের ছোট ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আসন্ন নির্বাচনের ক্ষমতাসীন মুসলিম লীগ থেকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত প্রার্থী শাহবাজ শরীফ বুধবার আগে সৌদি আরব গেছেন এবং তিনি সেখানে অবস্থান করছেন। এরইমধ্যে নওয়াজ শরীফ সৌদি সফরে যাচ্ছেন।

নওয়াজের পারিবারিক সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে নওয়াজ শরীফ সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দিতে পারেন। দলীয় অন্য একটি সুত্র জানিয়েছে, নওয়াজ শরীফ সম্ভবত শনিবার সৌদি আরব যাবেন। ধারণা করা হচ্ছে- শাহবাজ শরীফ বড় ভাই নওয়াজের সফরের ক্ষেত্র প্রস্তুত করার জন্য আগেই সৌদি আরব গেছেন। তিনি সৌদি সরকারের একটি বিশেষ বিমানে রিয়াদ যান।

নওয়াজ শরীফ

সূত্র বলছে, সৌদি সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দু দেশের সম্পর্ক এবং নানা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন তিনি। তবে, নওয়াজ শরীফের সম্ভাব্য এ সফর নিয়ে এরইমধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলী, কথিত ইসলামি সামরিক জোটে যোগ দেয়া নিয়ে টানাপড়েন, কাতার ইস্যু এবং ইরানের সঙ্গে ইসলামাবাদের সুসম্পর্ক নিয়ে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কিছুটা দুরত্ব রয়েছে। সম্প্রতি দফায় দফায় পাক প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সৌদি আরবে জরুরি সফরে যাচ্ছেন। এছাড়া, আমেরিকার সঙ্গেও পাকিস্তানের সম্পর্কে মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে আমেরিকা সৌদি আরবের মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে ভূমিকা রেখে আসছে।

এদিকে, পবিত্র মদিনা শহরে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে শাহবাজ শরীফের দেখা সাক্ষাতের কথা জানিয়েছে ডন। সেখানে দু নেতার মধ্যে শুধু শুভেচ্ছা বিনিময় হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে শাহবাজ ও ইলদিরিমের একই সময়ে ওমরা পালন এবং নওয়াজ শরীফের সম্ভাব্য সৌদি সফরের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা পরিষ্কার নয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯