দাঙ্গাবাজদের চাঙ্গা করতেই আসছে ইরান-বিরোধী নয়া মার্কিন নিষেধাজ্ঞা
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে পররাষ্ট্র দফতরের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তেহরানের বিরুদ্ধে আক্রমাণত্মক বক্তব্য দিয়েছে ওয়াশিংটন।
ইরাক এবং সিরিয়া বিষয়ে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রু পিক চলতি সপ্তাহে তার ভাষায় বলেছেন, ইরানে সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশের জেরে ১২ জনের বেশি ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে হোয়াইট হাউজ তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
পিক ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, "ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দমন পীড়ন চালিয়েছে তাদেরকে অবশ্যই আমরা দায়বদ্ধতার আওতায় নিয়ে আসব। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কী মাত্রায় দমন পীড়ন চালানো হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওয়াশিংটন। সেটি নিষেধাজ্ঞা বা অন্যকোনো উপায়ে হতে পারে।"
দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গত বৃহস্পতিবার থেকে ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ মিছিল-সমাবেশ করেন। তবে বিচ্ছিন্ন সহিংসতায় কয়েকটি শহরে বেশ কিছু সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৪