কাবুলে ‘অ্যাম্বুলেস বোমা’ হামলা চালাল তালেবান: নিহত অন্তত ৯৫
https://parstoday.ir/bn/news/world-i52059-কাবুলে_অ্যাম্বুলেস_বোমা’_হামলা_চালাল_তালেবান_নিহত_অন্তত_৯৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯৫ ব্যক্তি নিহত ও অপর ১৫৮ জন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৮ ১৬:০৪ Asia/Dhaka
  • হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে
    হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯৫ ব্যক্তি নিহত ও অপর ১৫৮ জন আহত হয়েছে।

আজ (শনিবার) দুপুরে জঙ্গিরা অ্যাম্বুলেন্স ভর্তি বিস্ফোরক নিয়ে একটি পুলিশ চেকপয়েন্টে হামলা চালায়। ওই চেকপয়েন্ট দিয়ে সরকারি কর্মচারীরা যাতায়াত করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে এ হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা বলেছেন, বিস্ফোরণের ভয়াবহ শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং পুরো কাবুল শহর থেকে এর ধোঁয়া দেখা গেছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো ভবনের কাছে ওই চেকপয়েন্ট অবস্থিত। এ ছাড়া, এর কাছেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও আফগানিস্তানের উচ্চ শান্তি পরিষদের দপ্তর।

বিস্ফোরণের পর আহত একজনকে হাসপাতালে নিচ্ছেন উদ্ধারকর্মীরা

তালেবান আজকের হামলার দায়িত্ব স্বীকার করেছে। এর আগে গত সপ্তাহে কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালেবান জঙ্গিদের হামলায় ২২ জন নিহত হয়েছিল।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আজকের আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দেশের শত্রুরা আবার সাধারণ মানুষকে লক্ষ্য করে কাপুরোষিত হামলা চালিয়েছে। তালেবান বিরোধী যুদ্ধ আগের চেয়ে আরো শক্তিশালী রূপে চালিয়ে যাওয়া হবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭