পাক প্রধানমন্ত্রীর টেলিফোনের জবাব দেননি আফগান প্রেসিডেন্ট
-
আফগান প্রেসিডেন্ট আশরাফ
কাবুলের একটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোনের জবাব দেননি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি মঙ্গলবার রাতে ওই ফোন করেছিলেন।
আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কয়েকটি সূত্র বুধবার জানিয়েছে, কাবুলে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু মানুষের প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানাতে পাক প্রধানমন্ত্রী আব্বাসি আফগান প্রেসিডেন্টকে টেলিফোন করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট আশরাফ গনি টেলিফোনে প্রধানমন্ত্রী আব্বাসির সঙ্গে কথা বলতে রাজি হননি।
আফগান সরকার কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গত সপ্তাহের সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করছে। তবে ইসলামাবাদ ওই হামলায় নিজের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার কিছু দলিল-প্রমাণসহ আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস আহমাদ বারমান এবং আফগান জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের প্রধান মোহাম্মাদ মাসুম স্তানেকজাই এরইমধ্যে ইসলামাবাদ সফরে গেছেন। আফগান প্রতিনিধিদলটি ইসলামাবাদে অন্যান্যের মধ্যে পাক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
গত সপ্তাহে কাবুলের হোটেলে সন্ত্রাসী হামলায় অন্তত ২২ ব্যক্তি নিহত হয় যাদের বেশিরভাগই বিদেশি। এর দু’দিন পর কাবুলের একটি জনাকীর্ণ এলাকায় ভয়াবহ বোমা হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ডুরান্ট লাইন এবং দু’দেশের সীমান্তে স্থাপনা নির্মাণ নিয়ে দেশ দু’টির মধ্যে প্রচণ্ড মতবিরোধ রয়েছে। এ ছাড়া, দু’টি দেশ পরস্পরকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করে আসছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১