রুশ বিমান ধ্বংসকারী ব্যবস্থার উৎস খুঁজে বের করবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i52503-রুশ_বিমান_ধ্বংসকারী_ব্যবস্থার_উৎস_খুঁজে_বের_করবে_রাশিয়া
শনিবার সিরিয়ার আকাশে যে বিমান বিধ্বংসী ব্যবস্থা দিয়ে রুশ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে তার উৎস খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে রাশিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ০৪:২০ Asia/Dhaka
  • রুশ জঙ্গিবিমানের ধ্বংসাবশেষ
    রুশ জঙ্গিবিমানের ধ্বংসাবশেষ

শনিবার সিরিয়ার আকাশে যে বিমান বিধ্বংসী ব্যবস্থা দিয়ে রুশ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে তার উৎস খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে রাশিয়া।

মস্কো জানিয়েছে, সিরিয়ার ইদলিব প্রদেশের যে এলাকায় রুশ জঙ্গিবিমান এসইউ-২৫ ভূপাতিত হয়েছে সেখানে তদন্ত শুরু করেছে সিরিয়ার বিশেষ নিরাপত্তা বাহিনী।

কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ব্যবস্থা ‘এমএএনপিএডি’ থেকে ছোঁড়া রকেটের আঘাতে শনিবার সিরিয়ার ইদলিবে একটি রুশ জঙ্গিবিমান বিধ্বস্ত হয় বলে মস্কো নিশ্চিত করেছে।

রুশ পার্লামেন্ট সদস্য ভিক্তোর ভোলোদারস্কাই জানিয়েছেন, “যে জঙ্গি গোষ্ঠীর কাছে ‘এমএএনপিএডি’ ছিল সেটিকে রুশ বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছে। এখন সিরিয়ার কমান্ডোরা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন। তারা ওই রকেটের লাঞ্চার খুঁজে পেলে সেখান থেকে এটির সিরিয়াল নাম্বার বের করা যাবে। পাশাপাশি এটি কোন দেশের কোন কারখানায় তৈরি হয়েছে এবং কীভাবে জঙ্গিদের হাতে গেছে তাও বের করা যাবে। ”

এর আগে রোববার দিনের শুরুতে মার্কিন সরকার দাবি করে, রাশিয়ার জঙ্গিবিমান যারা ভূপাতিত করেছে তাদের কাছে ‘এমএএনপিএডি’ দেয়নি আমেরিকা।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে জঙ্গি-অধ্যুষিত এলাকায় একটি রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে শনিবার মস্কো নিশ্চিত করে। রাশিয়া জানায়, বিমানটি ভূপাতিত হওয়ার পর এর পাইলট নিরাপদে ভূমিতে অবতরণ করলেও বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইদলিবের মাসরান এলাকায় এসইউ-২৫ বিমানটি অভিযান চালাচ্ছিল। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিবৃতিতে বলা হয়েছে, কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘এমএএনপিএডি’ দিয়ে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫