‘রাশিয়ার দরজায় ৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা বসাবে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i53895-রাশিয়ার_দরজায়_৪০০_ক্ষেপণাস্ত্র_বিধ্বংসী_ব্যবস্থা_বসাবে_আমেরিকা’
রাশিয়া অভিযোগ করেছে, দেশটির দোরগোড়ায় ৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করার পরিকল্পনা করেছে মার্কিন সরকার। রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে ওয়াশিংটন এ পরিকল্পনা করেছে বলেও অভিযোগ করেছে মস্কো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ০৪, ২০১৮ ০৩:২০ Asia/Dhaka
  • পোল্যান্ডে রাশিয়ার দিকে তাক করে মোতায়েন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’
    পোল্যান্ডে রাশিয়ার দিকে তাক করে মোতায়েন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’

রাশিয়া অভিযোগ করেছে, দেশটির দোরগোড়ায় ৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করার পরিকল্পনা করেছে মার্কিন সরকার। রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে ওয়াশিংটন এ পরিকল্পনা করেছে বলেও অভিযোগ করেছে মস্কো।

রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন সেদেশের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, “রাশিয়াকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে বড় ধরনের প্রস্তুতি চলছে। এ ছাড়া, ক্যালিফোর্নিয়া ও আলাস্কায় এরইমধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন করা হয়েছে।”

রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন

ফোমিন বলেন, “রাশিয়ার পরমাণু অস্ত্রের কার্যকারিতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার লক্ষ্যে মোট ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।” পূর্ব ইউরোপের পাশাপাশি জাপান এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রাশিয়া বিরোধী বলয়ের আওতায় নিয়ে আসা হবে বলেও অভিযোগ করেন তিনি।

ওয়াশিংটন যখন ইউরোপীয় দেশগুলোতে নিজের ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে তখন রাশিয়ার উপ প্রতিক্ষামন্ত্রী এ অভিযোগ করলেন।

গত বছর রাশিয়ার সীমান্তবর্তী লিথুয়ানিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ মোতায়েন করে আমেরিকা। বাল্টিক প্রজাতন্ত্রগুলোতে ন্যাটো জোটের বিশাল সামরিক মহড়ায় ব্যবহার করার অজুহাতে ওই ব্যবস্থা মোতায়েন করা হয়।এর আরো অনেক আগে থেকে পোল্যান্ডে একই ব্যবস্থা মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪